বীরপাড়ায় ছটপুজোর প্রস্তুতি পরিদর্শনে উচ্চ পদস্থ পুলিশকর্তারা , ৮০০ ঘাটে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগমের আশা
তপন রায়,আলিপুরদুয়ার:
বীরপাড়ার গ্যারগান্ডা নদীর তীরে ছটপুজোর জোরকদমে চলা শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন রাতে ঘাট পরিদর্শন করলেন উত্তরবঙ্গের আইজি সুকেস কুমার জৈন, ডিআইজি প্রশান্ত চৌধুরী, আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ, জেলা শাসক ময়ূরী বাসু। আগামী ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে চলা এই উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ও সামগ্রিক ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি।
পুজোর আয়োজকদের আশা, ভক্তি ও নিষ্ঠার এই উৎসবে এবার সেখানে লক্ষাধিক মানুষের সমাগম হবে। উৎসবের আমেজ এখন তুঙ্গে। এবার সেখানে রেকর্ড সংখ্যক ৮০০ টি ঘাট তৈরি করছে ‘বীরপাড়া সূর্য ছটপুজো কমিটি’, যার কুপন বিলিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কমিটির সভাপতি মুকেশ গুপ্তা জানান, পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
তবে প্রতি বছরের মতো এবারও মূল মাথাব্যথার কারণ গ্যারগান্ডা নদীর শুষ্কতা। বৃষ্টি না হওয়ায় নদীতে বর্তমানে জল নেই। ছটপুজোর জন্য জল আবশ্যিক হওয়ায় উৎসবের আনন্দ বজায় রাখতে কমিটির মোট ২০ লক্ষ টাকারও বেশি বাজেটের এক-চতুর্থাংশ খরচ হচ্ছে কেবল জল তুলতেই। গত ২৬ অক্টোবর থেকেই আর্থমুভার দিয়ে নদীবক্ষ খনন করে জল বের করার কাজ চলছিল, যাতে প্রায় ৫ লক্ষাধিক টাকা খরচ হয়েছে। পাশাপাশি, সুরের মেলবন্ধনে বীরপাড়ার ছটপুজো এবার অনন্য রূপ নিতে চলেছে। ১৫ নভেম্বর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কলকাতা, আসানসোল এবং ভাগলপুরের নামী শিল্পীরা সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবেন।