কলকাতা
আগস্ট মাসের শুরুতেই বাণিজ্যিক এলপিজি (LPG) ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর। ১ আগস্ট থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০৯ টাকা কমানো হয়েছে। নতুন দামে কলকাতায় একটি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য হয়েছে ২,৮৭২.৫০ টাকা। তবে একই সঙ্গে এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দাম লিটারপিছু ৫ টাকা বাড়ানো হয়েছে, যা বিমান পরিষেবার পরিচালন ব্যয় বাড়াতে পারে।
সরকারি তেল সংস্থাগুলির প্রকাশিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০৯ টাকা কমে হয়েছে ২,৮৭২.৫০ টাকা। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ভিত্তিতে প্রতি মাসের প্রথম দিন এই মূল্য সংশোধন করা হয়।
এটি টানা দ্বিতীয় মাস, যখন বাণিজ্যিক এলপিজির দাম কমানো হলো। এর আগে ১ জুলাইও সিলিন্ডারপ্রতি ১৮৩.৫০ টাকা দাম কমানো হয়েছিল। অন্যদিকে, জুলাই মাসে যে হারে এভিয়েশন টারবাইন ফুয়েলের (ATF) দাম কমানো হয়েছিল, আগস্টে প্রায় একই পরিমাণ বাড়ানো হয়েছে। ফলে এটিএফের দাম এখন লিটারপিছু ১১৫ টাকা।
চলতি বছরের জুন মাসে পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। এর জেরে ফেব্রুয়ারিতে ১,৭৪০.৫০ টাকা থাকা ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম জুন মাসে বেড়ে দাঁড়ায় ৩,১১৩.৫০ টাকায়। অর্থাৎ মাত্র কয়েক মাসে সিলিন্ডারপ্রতি ১,৩৭৩ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি হয়েছিল। তবে জুলাই ও আগস্ট, এই দুই মাসের ধারাবাহিক মূল্যহ্রাসে সেই চাপ অনেকটাই কমেছে।
এছাড়াও, বাজারমূল্যে বিক্রি হওয়া ৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৮০৮.৫০ টাকা থেকে কমিয়ে ৭৬২ টাকা করা হয়েছে।
তবে গৃহস্থালির রান্নার জন্য ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এর দাম অপরিবর্তিত রেখে ৯৪২ টাকাই রাখা হয়েছে। সর্বশেষ ৭ জুন এই সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে মার্চ মাসে পশ্চিম এশিয়ার সংঘাতজনিত সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছিল গৃহস্থালি এলপিজির দামেও।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (IOC) চেয়ারম্যান এ. এস. সাহনি জানিয়েছেন, বর্তমান বিক্রয়মূল্যে প্রতি ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারে সংস্থার প্রায় ৫০৩ টাকা লোকসান হচ্ছে, কারণ উৎপাদন খরচের তুলনায় বিক্রয়মূল্য এখনও অনেক কম।
অন্যদিকে, মে মাসে প্রায় সাড়ে ৭ টাকা করে বাড়ানো পেট্রোল ও ডিজেলের দামেও এদিন কোনও পরিবর্তন আনা হয়নি।