কলকাতায় ইসকনের মেগা কিচেনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, আরও উন্নত হবে মিড-ডে মিল পরিষেবা

Story by  atv | Posted by  Aparna Das • 11 h ago
কলকাতায় ইসকনের মেগা কিচেনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, আরও উন্নত হবে মিড-ডে মিল পরিষেবা
কলকাতায় ইসকনের মেগা কিচেনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, আরও উন্নত হবে মিড-ডে মিল পরিষেবা
 
কলকাতা

পশ্চিমবঙ্গে স্কুল পড়ুয়াদের জন্য মিড-ডে মিল প্রকল্পকে আরও আধুনিক ও কার্যকর করে তুলতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। শনিবার কলকাতার তারাতলায় ইসকনের উদ্যোগে নির্মিত অত্যাধুনিক মেগা কিচেনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
 
উদ্বোধনের আগে বৈদিক রীতি মেনে আয়োজিত যজ্ঞে অংশ নেন মুখ্যমন্ত্রী। এরপর আনুষ্ঠানিকভাবে মেগা কিচেনের সূচনা করেন তিনি। উদ্বোধনের পর রান্নাঘরের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রীদের জন্য প্রস্তুত হওয়া মিড-ডে মিল তৈরির কাজেও অংশগ্রহণ করেন।
 
এই কেন্দ্র থেকেই পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে মিড-ডে মিল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। সেই উদ্দেশ্যে অনুষ্ঠানে খাবার পরিবহণের জন্য ব্যবহৃত পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়িরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন-সহ প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক। উদ্বোধনী অনুষ্ঠানে শহরের পাঁচটি স্কুলের প্রায় ৪০ জন ছাত্রছাত্রীও উপস্থিত ছিল।
 
সরকারি সূত্রে জানা গিয়েছে, ইসকনের সহযোগিতায় গড়ে ওঠা এই মেগা কিচেনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মিড-ডে মিল প্রকল্পে খাবার প্রস্তুতি ও বিতরণ ব্যবস্থাকে আরও সুসংহত ও স্বাস্থ্যসম্মত করে তোলাই মূল লক্ষ্য।
 
আধুনিক প্রযুক্তিনির্ভর রান্নাঘরে নির্দিষ্ট মান বজায় রেখে বিপুল সংখ্যক পড়ুয়ার জন্য খাবার প্রস্তুত করা সম্ভব হবে। পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে নির্ধারিত সময়ে স্কুলে খাবার পৌঁছে দেওয়ায় পরিবহণ ব্যবস্থাও আরও দ্রুত ও পরিবেশবান্ধব হবে বলে আশা করা হচ্ছে।