কলকাতা:
মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় জরুরি শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, মামলাটি নির্ধারিত তালিকা অনুযায়ীই শুনানির জন্য উঠবে। জরুরি ভিত্তিতে শুনানির কোনও প্রয়োজন নেই।
তৃণমূলের পক্ষে আইনজীবী কিশোর দত্ত আদালতে জানান, দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 'ডেবিট ফ্রিজ' জারি করা হয়েছে। ফলে ওই অ্যাকাউন্টগুলি থেকে কোনও অর্থ তোলা বা স্থানান্তর করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে দ্রুত শুনানির আবেদন জানানো হলেও আদালত তা গ্রহণ করেনি।
জানা গিয়েছে, প্রায় ৪৪০ কোটি টাকা থাকা তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিট লেনদেন স্থগিত রাখা হয়েছে।এই পদক্ষেপের সূত্রপাত হয় বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-ঘনিষ্ঠ কয়েকজন বিধায়কের অভিযোগের ভিত্তিতে। তাঁরা বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে এফআইআর এবং বিস্তারিত তদন্তের দাবি জানান।
অভিযোগে বিধায়কেরা প্রশ্ন তোলেন, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে জমা হওয়া বিপুল অর্থের উৎস কী। তাঁরা তদন্তকারীদের অনুরোধ করেন, অর্থগুলি বৈধ উৎস থেকে এসেছে কি না, তা খতিয়ে দেখতে।এছাড়া অভিযোগে দাবি করা হয়েছে, ওই অর্থের সঙ্গে কাটমানি আদায়, সরকারি তহবিলের অপব্যবহার কিংবা বিভিন্ন দুর্নীতির অর্থ জড়িত থাকতে পারে। তাই সমস্ত আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানানো হয়েছে।