মানবসেবার নতুন দিগন্ত: শেখ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হলো অ্যাম্বুলেন্স পরিষেবা

Story by  Nurul Haque | Posted by  Aparna Das • 17 h ago
শেখ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হলো অ্যাম্বুলেন্স পরিষেবা
শেখ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হলো অ্যাম্বুলেন্স পরিষেবা
 
নূরুল হক / আগরতলা

সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করল উত্তর ত্রিপুরার কৈলা শহরের 'শেখ ফাউন্ডেশন'। কৈলাশহর এলাকার রোগীদের নিরাপদ পরিবহনের লক্ষ্যে সংস্থার পক্ষ থেকে বিতরণ করা হলো অত্যাধুনিক পরিষেবা যুক্ত অ্যাম্বুলেন্স। শেখ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের সমাজ শিক্ষা, সমাজকল্যাণ, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এই অ্যাম্বুলেন্স জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকবে।

অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, প্রাক্তন ভাইস চেয়ারম্যান ইউনুছ মিয়া খাদিম, গভর্নমেন্ট প্লিডার অ্যাডভোকেট সন্দ্বীপ দেব রায়, শেখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ আজহারউদ্দিনসহ বহু বিশিষ্ট ব্যক্তি।
 
শেখ ফাউন্ডেশনের সদস্যরা
 
এই অ্যাম্বুলেন্স পরিষেবার মাধ্যমে জরুরি চিকিৎসাসেবা পেতে ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত অতিথিরা। প্রসঙ্গত কুয়েত প্রবাসী সমাজসেবী শেখ আজহারউদ্দিনের উদ্যোগে ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল শেখ ফাউন্ডেশন। ইতোমধ্যেই গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ত্রিপুরায় আস্থার প্রতীক হয়ে উঠেছে শেখ ফাউন্ডেশন।
 
বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগের কঠিন সময়ে এই ফাউন্ডেশন জাত ধর্মের ঊর্ধ্বে মানুষের পাশে দাঁড়িয়েছে। ধর্ম বর্ণ জাতি জনজাতির মানুষেরে যেকোন সমস্যায় শেখ ফাউন্ডেশনের সদস্যরা বরাবরই এগিয়ে থেকে সমাজের প্রতি নিজেদের নৈতিক দায়িত্বের পরিচয় তুলে ধরেছেন। সেই ধারাবাহিকতায় এবার চালু হলো অ্যাম্বুলেন্স পরিষেবা। এদের অনুষ্ঠানে মন্ত্রী টিংকু রায় ফাউন্ডেশনের কাজ কর্মের ভূয়ষি প্রশংসা করেছেন। তিনি এই ধরনের সামাজিক এবং মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
 

শেখ ফাউন্ডেশনের সভাপতি শেখ নুরুদ্দিন জানান, প্রবাসীদের সহযোগিতা ও অর্থায়নে পরিচালিত সংগঠনটি ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে। তিনি বলেন, “মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা সেই লক্ষ্য পূরণের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
 
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জরুরি মুহূর্তে নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা বহু মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।