বাংলায় ইউনিফর্ম সিভিল কোড (UCC) চালুর পথে বড় পদক্ষেপ, উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা:
পশ্চিমবঙ্গে ইউনিফর্ম সিভিল কোড (UCC) চালুর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় তিনি ঘোষণা করেন, প্রস্তাবিত UCC-এর খসড়া প্রস্তুতের জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই-এর নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, চার সপ্তাহের মধ্যে কমিটিকে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। সেই সুপারিশের ভিত্তিতে আগামী আগস্ট মাসে বিধানসভার বর্ধিত বাজেট অধিবেশনে UCC বিল পেশ করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, ২ জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া নিয়ে আলোচনা হবে। অনুমোদনের পর সেটি বিধানসভায় উত্থাপন করা হবে।শুভেন্দু অধিকারী বলেন, বিজেপির নির্বাচনী ইস্তেহারে ইউনিফর্ম সিভিল কোড চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর।
মুখ্যমন্ত্রীর দাবি, প্রস্তাবিত আইনটি গুজরাটের ইউনিফর্ম সিভিল কোড বিল, ২০২৬, অসমের UCC আইন এবং উত্তরাখণ্ড ইউনিফর্ম সিভিল কোড আইন, ২০২৪-এর আদলে তৈরি করা হচ্ছে।তিনি স্পষ্ট করে জানান, রাজ্যের তফসিলি উপজাতি, আদিবাসী, কুড়মি এবং সরকার স্বীকৃত অন্যান্য প্রাচীন সম্প্রদায়কে এই আইনের আওতার বাইরে রাখা হবে, যেমনটি উত্তরাখণ্ড ও গুজরাটের আইনে রয়েছে।
প্রস্তাবিত UCC-তে বিবাহ, বিবাহবিচ্ছেদ, ভরণপোষণ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, লিভ-ইন সম্পর্ক-সহ পারিবারিক আইনের বিভিন্ন বিষয়কে একক আইনি কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।কমিটিতে থাকবেন একজন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক, একজন আইন বিশেষজ্ঞ, একজন শিক্ষাবিদ, একজন সমাজকর্মী এবং রাজ্য প্রশাসনের একজন অতিরিক্ত সচিব, যিনি সদস্য-সচিব হিসেবে কাজ করবেন।
মুখ্যমন্ত্রী জানান, কমিটি বর্তমান ব্যক্তিগত ও পারিবারিক আইনগুলির বিস্তারিত পর্যালোচনা করবে, UCC-এর সাংবিধানিক, সামাজিক ও প্রশাসনিক দিকগুলি পরীক্ষা করবে এবং বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণের পর চূড়ান্ত সুপারিশ জমা দেবে।এদিন বিধানসভায় এই ঘোষণা হতেই তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে প্রবল বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আইন চাপিয়ে দিতে চাইছে।
এর জবাবে শুভেন্দু অধিকারী বলেন, কারও আপত্তি বা পরামর্শ থাকলে তা উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির কাছে জমা দিতে পারেন। সব মতামত বিবেচনা করেই চূড়ান্ত সুপারিশ তৈরি হবে।
তিনি আবারও জোর দিয়ে বলেন, "আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী ইস্তেহারে যা লিখেছি, তা বাস্তবায়ন করব। পশ্চিমবঙ্গে ইউনিফর্ম সিভিল কোড অবশ্যই কার্যকর করা হবে।"