গুয়াহাটি ঃ
অসমের মানকাচার এলাকায় ভারত–বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারীদের বিরুদ্ধে বিএসএফ গুলি চালালে এক পাচারকারী আহত হয়েছে।
সোমবার ভোরে (২ ফেব্রুয়ারি) দক্ষিণ শালমারা–মানকাচার জেলার কুকুরমারা সীমান্ত ফাঁড়িতে এই ঘটনা ঘটে। বিএসএফ সূত্রে জানা গেছে, একদল পাচারকারী অবৈধভাবে গবাদি পশু সীমান্ত পার করার চেষ্টা করছিল।
ডিউটিতে থাকা বিএসএফ জওয়ানরা পাচারকারীদের বারবার সতর্ক করলেও তারা সেই নির্দেশ উপেক্ষা করে নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বাধ্য হয়ে বিএসএফ জওয়ানরা গুলি চালায়।
গুলিতে সাহের আলি নামে এক পাচারকারী আহত হন। ঘটনার পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনার পর এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।