ভারত-নেপাল সীমান্তের কাছে গ্রেফতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান, তোলাবাজির অভিযোগে পুলিশের পদক্ষেপ

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 1 Months ago
ভারত-নেপাল সীমান্তের কাছে গ্রেফতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান, তোলাবাজির অভিযোগে পুলিশের পদক্ষেপ
ভারত-নেপাল সীমান্তের কাছে গ্রেফতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান, তোলাবাজির অভিযোগে পুলিশের পদক্ষেপ
 
ডায়মন্ড হারবার: 

তোলাবাজির অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে উত্তরবঙ্গে ভারত-নেপাল সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানায় জাহাঙ্গীর খানের বিরুদ্ধে মোট সাতটি এফআইআর দায়ের করা হয়েছিল। এর আগে কলকাতা হাইকোর্ট তাঁকে দেওয়া অন্তর্বর্তীকালীন আইনি সুরক্ষা ২৬ মে প্রত্যাহার করে নেয়।

এক পুলিশ আধিকারিক জানান, “উত্তরবঙ্গে ভারত-নেপাল সীমান্তের কাছাকাছি এলাকা থেকে জাহাঙ্গীর খানকে গ্রেফতার করা হয়েছে।” তবে গ্রেফতারি অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ২১ মে অনুষ্ঠিত ফলতা বিধানসভা উপনির্বাচনে জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ফলতার পুনর্নির্বাচনের পর থেকে বেপাত্তা হয়ে যান জাহাঙ্গির। সূত্রের খবর, বাংলা-নেপাল সীমান্তে গা ঢাকা দিয়েছিলেন ফলতার ‘ত্রাস’। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও সন্তান। মোবাইল নম্বরও বদলে ফেলেছিলেন। বাচ্চাদের নাকি নেপালের স্কুলে ভর্তি করার জন্য খোঁজখবর নিচ্ছিলেন। সেই সময় নতুন মোবাইল নম্বর ট্র্যাক করে বেঙ্গল এসটিএফের তদন্তকারীরা জাহাঙ্গিরের খোঁজ পান। সেই অনুযায়ী বাংলা-নেপাল সীমান্তে হানা দেন তদন্তকারীরা। হাতেনাতে পাকড়াও করা হয় ‘পুষ্পা’কে। সূত্রের খবর, সীমান্ত পার করে নেপাল পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন তিনি।যদিও ভোটের কয়েক দিন আগে তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। 

পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।