বাঁকুড়া:
পশ্চিমবঙ্গে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের পরিষেবা চালু হওয়ার পর প্রথম সুবিধাভোগী হিসেবে উঠে এল বাঁকুড়ার কোতুলপুরের যুবক শুভদীপ হালদারের নাম। কোতুলপুরের মেডিকেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রকল্পের আওতায় তাঁর চিকিৎসা শুরু হয়।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন শুভদীপ। তাঁকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসার খরচ নিয়ে পরিবারের উপর আর্থিক চাপ তৈরি হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় তাঁর চিকিৎসার জন্য আবেদন করে। অনুমোদন পাওয়ার পর হাসপাতালেই তাঁর নাম প্রকল্পে নথিভুক্ত করা হয় এবং শুরু হয় চিকিৎসা।
শুভদীপ জানিয়েছেন, তিনি আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সদস্য। আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেয়ে তিনি উপকৃত হয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনাকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এক্স হ্যান্ডেলে শুভদীপের চিকিৎসা এবং প্রকল্পের আওতায় তাঁর নথিভুক্ত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
শুভদীপও এই পরিষেবা চালু করার জন্য প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও রাজ্যের স্বাস্থ্য দফতরকে ধন্যবাদ জানিয়েছেন।
কোতুলপুরের একটি হাসপাতাল থেকে শুরু হওয়া এই ঘটনা এখন রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন অধ্যায়ের সূচনা হিসেবে আলোচনায় এসেছে। প্রথম সুবিধাভোগী হিসেবে শুভদীপ হালদারের নামও উঠে এসেছে বিশেষভাবে।