‘৩০ তারিখ দিল্লিতে দেখা হবে!’ কনসার্ট বাতিলের জল্পনায় দিলজিতের পালটা, ভুয়ো খবর ছড়ানোয় কটাক্ষ পাঞ্জাবি তারকার

Story by  atv | Posted by  Aparna Das • 1 d ago
‘৩০ তারিখ দিল্লিতে দেখা হবে!’ কনসার্ট বাতিলের জল্পনায় দিলজিতের পালটা, ভুয়ো খবর ছড়ানোয় কটাক্ষ পাঞ্জাবি তারকার
‘৩০ তারিখ দিল্লিতে দেখা হবে!’ কনসার্ট বাতিলের জল্পনায় দিলজিতের পালটা, ভুয়ো খবর ছড়ানোয় কটাক্ষ পাঞ্জাবি তারকার
 
নয়াদিল্লি

দিল্লিতে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে বাতিলের জল্পনা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং সোশ্যাল মিডিয়ায় বিতর্ক, সব মিলিয়ে গত কয়েক দিন ধরেই সরগরম বিনোদন জগৎ। অবশেষে মুখ খুললেন পাঞ্জাবি গায়ক-অভিনেতা নিজেই। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী ৩০ অক্টোবর দিল্লিতে অনুরাগীদের সঙ্গে দেখা হচ্ছে। পাশাপাশি, কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে প্রকৃত তথ্য যাচাই করারও পরামর্শ দিলেন তিনি।

জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিলজিতের কনসার্ট ঘিরে বিতর্কের সূত্রপাত বৃহস্পতিবার। খবর ছড়ায়, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে দিল্লি পুলিশ অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়নি। এমনকী, দিল্লি পুলিশের দক্ষিণ জেলার ডেপুটি কমিশনারের দফতর থেকে টিকিট বিক্রির সংস্থা ‘বুক মাই শো’-কে অনুষ্ঠান বাতিলের কথা জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও দাবি করা হয়। যদিও শুক্রবার রাতে কনসার্ট বাতিল না হওয়ার খবর সামনে আসে।
 
 
এই জল্পনার মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেন দিলজিৎ। ভিডিও বার্তায় তিনি বলেন, “ইতিমধ্যেই অনেক রিল তৈরি হয়েছে, টুইট করা হয়েছে, সংবাদমাধ্যমেও বিতর্ক শুরু হয়েছে। যাই হোক, ৩০ তারিখে দিল্লিতে দেখা হবে।” তাঁর বক্তব্য, গোটা ঘটনা না জেনেই অনেকে অহেতুক বিতর্ক তৈরি করছেন। তাই কোনও বিষয়ে মন্তব্য করার আগে সঠিক তথ্য জেনে নেওয়া প্রয়োজন।
 
ব্যঙ্গের সুরও ছিল গায়কের কথায়। তিনি বলেন, “আজকের দিনটা খুব সুন্দর, তাই ভাবলাম একটু লাইভে আসি। অনেক কিছু বলার ছিল। এদিকে রিল তৈরি হচ্ছে, টুইট করা হচ্ছে, বিতর্ক চলছে।” তাঁর এই মন্তব্যকে দিল্লির কনসার্ট ঘিরে ছড়িয়ে পড়া জল্পনার পাল্টা জবাব হিসেবেই দেখছেন অনুরাগীদের একাংশ।
 
তবে দিল্লির বিতর্কের পাশাপাশি মুম্বাইয়ের অনুষ্ঠান নিয়েও উদ্বেগ রয়েছে। ২৪ ঘণ্টা আগেই বৃহন্মুম্বই পুরসভার দফতরে দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল বলে খবর। সেই ঘটনার জেরে মুম্বইয়ের অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
 
উল্লেখ্য, গত এক বছর ধরেই খলিস্তানপন্থী গোষ্ঠীর হুমকির মুখে পড়েছেন দিলজিৎ। কানাডায় তাঁর একটি কনসার্ট ঘিরেও বিক্ষোভ হয়েছিল। তবে বারবারই নিজের অবস্থানে অনড় থেকেছেন এই পাঞ্জাবি তারকা। দিল্লির অনুষ্ঠান ঘিরে বিতর্কের আবহেও তাঁর বার্তা স্পষ্ট, গুজব নয়, আগে তথ্য যাচাই করুন; আর ৩০ অক্টোবর দিল্লিতে দেখা হবে।


শেহতীয়া খবৰ