মন্দারমণিতে বেড়াতে গিয়ে পার্কিং বিবাদে তারিফ আহমেদের পরিবারকে পিটিয়ে হাসপাতালে পাঠাল হোটেলকর্মীরা, আটক ম্যানেজার ও নিরাপত্তারক্ষী
তরুণ নন্দী, কলকাতাঃ
মন্দারমণিতে বেড়াতে গিয়ে ওএনজিসি কর্মী শেখ তারিফ আহমেদ ও তাঁর পরিবারকে পেটানোর অভিযোগ হোটেলকর্মীদের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি মহিলা পর্যটক। বাংলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র মন্দারমণিতে বেড়াতে গিয়ে কাছে বজবজের একটি পরিবার চরম হেনস্থা ঘটনা ভাইরাল হতেই নিন্দার ঝড়। হোটেলের সামনে গাড়ি পার্কিং সংক্রান্ত সামান্য বিরোধ হওয়াকে কেন্দ্র করে তারিফ আহমেদের পরিবারকে রিসর্টের ম্যানেজার, কর্মী ও নিরাপত্তারক্ষীদের হাতে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। সূত্রের খবর, হামলায় ওএনজিসি কর্মী তারিফ আহমেদ, তাঁর শ্যালকসহ পরিবারের একাধিক সদস্য গুরুতর জখম হয়েছেন। হোটেলকর্মীদের হাতে আক্রান্ত হয়ে মহিলা পর্যটক ভর্তি হয়েছেন স্থানীয় হাসপাতালে।
হোটেলকর্মীদের ব্যবহার প্রসঙ্গে ওএনজিসি কর্মী শেখ তারিফ আহমেদ জানান, পরিবার ও আত্মীয়দের নিয়ে তিনি মন্দারমণির একটি বিচ রিসর্টে ওঠেন। তারা রিসর্টের সামনে তাদের গাড়ি পার্কিং করার সময় হোটেল কর্মীরা সরাতে বলেন। তাদের অনুরোধ মেনে তিনি কিছুটা দূরে গাড়িটি সরিয়ে নিয়ে যান। তিনি দাবি করলেন, গাড়ি রাখার ৫-৬ মিনিটের মধ্যেই রিসর্টের কর্মীরা এসে আচমকা তাঁদের গাড়িটিতে দুমাদাম আঘাত করতে থাকে। কারণ জানার জন্য প্রশ্ন করতেই ধাক্কাধাক্কি দেয়।
তিনি আরও বলেন, গাড়ি থেকে নেমে এমন করার কারণ জানতে চাইতেই পরিস্থিতি দ্রুত বদলে যায়। অভিযোগ, রিসর্টের ম্যানেজার, নিরাপত্তারক্ষী ও কর্মচারীরা একজোট হয়ে বাঁশ ও লাঠি নিয়ে তাঁদের ওপর চড়াও হয়। কোনো নিয়ম বা আইনকানুনের তোয়াক্কা না করেই পরিবারের প্রবীণ ও মহিলাদের ওপর এলোপাথাড়ি মারধোর করা হয়। হোটেলকর্মীদের আক্রমণে মাটিতে পড়ে এক মহিলা পর্যটক মাথায় ও শরীরে মারাত্মক চোট পেয়ে রক্তাক্ত হয়ে ভর্তি হন হাসপাতালে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি মন্দারমণি উপকূল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। পর্যটকদের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ রিসর্টের ম্যানেজার এবং নিরাপত্তারক্ষীকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পর্যটকদের উপর হামলার ঘটনা সামনে আসতেই মন্দারমণিতে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। সামান্য পার্কিং বিতর্ক কীভাবে এমন হিংসার রূপ নিল পুলিশ তা খতিয়ে দেখছে। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে পর্যটনমহলে।