১৩ বছর পর ফের কলকাতায় এ.আর. রহমান, নতুন বছরের জানুয়ারিতে জমজমাট লাইভ কনসার্টের প্রস্তুতি

Story by  Sampee Chakroborty Purkayastha | Posted by  Sudip sharma chowdhury • 1 Months ago
১৩ বছর পর ফের কলকাতায় এ.আর. রহমান, নতুন বছরের জানুয়ারিতে জমজমাট লাইভ কনসার্টের প্রস্তুতি
১৩ বছর পর ফের কলকাতায় এ.আর. রহমান, নতুন বছরের জানুয়ারিতে জমজমাট লাইভ কনসার্টের প্রস্তুতি
 
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ 
 
শীত পড়তে না পড়তেই সাংস্কৃতিক নগরী কলকাতা আবার সাজছে বিভিন্ন অনুষ্ঠানের আলোয়। প্রতি বছর এই সময়ই শহরে হাজির হন দেশ-বিদেশের বহু খ্যাতনামা শিল্পী। সেই ধারায় এ বার যোগ হতে চলেছে এক বিশেষ অধ্যায়—অস্কারজয়ী সুরকার এ.আর. রহমানের ফেরা। প্রায় ১৩ বছর পর আবার কলকাতার মঞ্চে পারফর্ম করতে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই সঙ্গীত–জাদুকর।
 
রহমান শেষবার কলকাতায় সরাসরি অনুষ্ঠান করেছিলেন ২০১২ সালে, সল্টলেক স্টেডিয়ামে। তার পরে ২০১৫ সালে ফুটবল কিংবদন্তি পেলের উপস্থিতিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন, কিন্তু সুরের আসর আর জমেনি। তাই দীর্ঘ সময় ধরে বঞ্চিত ছিলেন শহরের শ্রোতারা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে ২০২৬ সালের শুরুতেই।
 
নতুন বছরের ১১ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠান করবেন রহমান—এমনটাই জানা যাচ্ছে আয়োজক সূত্রে। প্রাথমিক ভাবে জানা গেছে, অনুষ্ঠানটি হতে পারে অ্যাকোয়টিকায়। যদিও চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি, তবে আয়োজনটি হবে প্রায় পাঁচ ঘণ্টার জমজমাট শো—এমনটাই খবর ঘনিষ্ঠ মহলে।
 
রহমানের অগণিত অনুরাগী বহু দিন ধরেই তাঁর লাইভ পারফরম্যান্সের অপেক্ষায়। দক্ষিণী সিনেমা থেকে বলিউড, এমনকি হলিউড পর্যন্ত তাঁর সুরের জাদু ছড়িয়ে আছে বহু দিন ধরেই। তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য সুপারহিট গান। তাই এবার কলকাতার মঞ্চে তিনি কোন গান পরিবেশন করবেন, তা নিয়েই চলছে চর্চা। সাধারণত তাঁর কনসার্টে ‘ঊর্বশী ঊর্বশী’ গানটি প্রায় অপরিহার্য হয়ে ওঠে। ফলে এই শহরেও সেই জনপ্রিয় হিট শুনতে পাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন অনুরাগীরা।
 
নতুন গানের চমক থাকবে, নাকি পুরোনো প্রিয় গানগুলিই আরও একবার সজীব হয়ে উঠবে—এই জল্পনাতেই উত্তেজিত সঙ্গীতপ্রেমী কলকাতা। একটাই কথা পরিষ্কার—১৩ বছরের অপেক্ষা শেষে রহমানের ফেরাকে ঘিরে শহরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে।