দক্ষিণ অসমের বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার লালাবাজারের ছেলে ময়ূর রাঙ্কা ইসরোর বিজ্ঞানী হিসেবে যোগদান করার পর এখানকার সবাই আনন্দে মেতে উঠেছেন। লালা শহরের শনিবারি বাজার এলাকার বাসিন্দা মনিলাল রাঙ্কার পৌত্র এবং অনিল কুমার রাঙ্কার পুত্র ময়ূর বর্তমানে তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারে সায়েন্টিস্ট-ইঞ্জিনিয়ার ‘এস সি’ পদমর্যাদায় কর্মরত।
ভবিষ্যতের উৎক্ষেপণযানের প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত তিনি। উৎক্ষেপণযানের প্রপালশন প্রযুক্তি তাঁর গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র।অনুষ্ঠানে বক্তারা বলেন, লালার মতো প্রত্যন্ত এলাকার এক তরুণের ইসরোর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্বপূর্ণ পদে পৌঁছে যাওয়া গোটা এলাকার কাছে গর্বের বিষয়। ময়ূরের সাফল্য এলাকার ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে।
লালার কৃতী সন্তান তথা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানী ময়ূর রাঙ্কাকে সংবর্ধনা জানাল লায়ন্স ক্লাব অব লালা।
লায়ন্স ক্লাব অব লালার সভাপতি নুরুল মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সুমনা দাস ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার রায়, মনোয়ার হোসেন চৌধুরী, ইকবাল বাহার মজুমদার, হিমাংশু রায়, অপটোমেট্রিস্ট শ্রাবনী চাকমা-সহ ক্লাব ও হাসপাতালের সদস্যরা।
ময়ূরের পিতা অনিল কুমার রাঙ্কা ছেলের সাফল্যে গর্ব প্রকাশ করে বলেন, ময়ূরের এই সাফল্য শুধু পরিবারের নয়, লালার মানুষের কাছেও সম্মানের বিষয়। ময়ূর রাঙ্কা জানান যে দূরে থাকলেও তাঁর এলাকার উন্নয়নের কথা অবশ্যই মাথায় রাখবেন।