মিঠুন চক্রবর্তীকে ডি-লিট সম্মান জানাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়, ৯ ডিসেম্বর সমাবর্তনের সম্ভাবনা

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 17 m ago
মিঠুন চক্রবর্তীকে ডি-লিট সম্মান জানাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়, ৯ ডিসেম্বর সমাবর্তনের সম্ভাবনা
মিঠুন চক্রবর্তীকে ডি-লিট সম্মান জানাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়, ৯ ডিসেম্বর সমাবর্তনের সম্ভাবনা

বর্ধমান:

অভিনয় জগতে দীর্ঘদিনের অবদান এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার স্বীকৃতিস্বরূপ অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ডি-লিট সম্মান দিতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে বিশিষ্ট দুই অধ্যাপক জি পার্থসারথী এবং ভূপেন্দ্রনাথ গোস্বামীকে ডিএসসি ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে তিন বিশিষ্ট ব্যক্তিকেই আমন্ত্রণ জানানো হচ্ছে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথ জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর প্রতিভার স্বাক্ষর রয়েছে। সেই অবদানের কথা বিবেচনা করেই তাঁকে ডি-লিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ইচ্ছা, সমাবর্তনের মঞ্চেই সরাসরি অভিনেতার হাতে এই সম্মান তুলে দেওয়া।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠানটি হতে পারে। সেখানে রাজ্যপাল, উচ্চশিক্ষামন্ত্রী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এর আগে সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, অ্যাথলিট স্বপ্না বর্মণ এবং চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের মতো বিশিষ্ট ব্যক্তিত্বকে ডি-লিট সম্মানে ভূষিত করেছে এই বিশ্ববিদ্যালয়। গত বছরের সমাবর্তনে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন।

তবে একদিকে সমাবর্তনের প্রস্তুতি, অন্যদিকে একাধিক প্রশাসনিক ও শিক্ষাগত চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের একাংশের অভিযোগ, নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেওয়া এবং ফলাফল প্রকাশের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজে বেশ কিছু আসনও ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের মতে, কর্মসংস্থানের পরিবর্তিত পরিস্থিতিতে প্রথাগত শিক্ষার প্রতি আগ্রহ কমছে পড়ুয়াদের। সেই কথা মাথায় রেখে প্রযুক্তিনির্ভর শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে।

ইতিমধ্যেই সাইবার সিকিউরিটি ও ডেটা অ্যানালিসিসের মতো বিষয়ে কোর্স চালু হয়েছে। আগামী দিনে আরও কয়েকটি প্রযুক্তিগত কোর্স চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। পাশাপাশি শিক্ষার মান উন্নত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে দাবি।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনিয়মের অভিযোগও অতীতে বিতর্ক তৈরি করেছে। প্রায় তিন বছর আগে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট থেকে প্রায় তিন কোটি টাকা তুলে নেওয়ার ঘটনা সামনে আসে। ওই ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হলেও মূল অভিযুক্তদের ভূমিকা নিয়ে তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি বলে জানা গিয়েছে।

এই সমস্ত বিতর্ক ও প্রশাসনিক সমস্যার আবহে আসন্ন সমাবর্তনকে ঘিরে নতুন করে প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে কৃতী পড়ুয়াদেরও সম্মানিত করা হবে। মিঠুন চক্রবর্তীর হাতে ডি-লিট তুলে দেওয়ার সম্ভাবনা এবারের সমাবর্তনে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।



শেহতীয়া খবৰ