পশ্চিমবঙ্গে বেসরকারি স্কুলের ফি বৃদ্ধিতে কড়া লাগাম! ৫ শতাংশের বেশি ফি বাড়ানো যাবে না, অতিরিক্ত টাকা ফেরানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর
কলকাতা
শিক্ষার নামে অভিভাবকদের পকেটে বাড়তি চাপ আর নয়! পশ্চিমবঙ্গের বেসরকারি স্কুলগুলির ইচ্ছেমতো ফি বাড়ানোর প্রবণতা বন্ধ করতে এবার কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে রাজ্যের প্রথম সারির বেসরকারি স্কুলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাফ বার্তা, শিক্ষাকে কোনওভাবেই ব্যবসায়িক পণ্যে পরিণত হতে দেওয়া হবে না। পাশাপাশি, ইতিমধ্যে অতিরিক্ত ফি আদায় করা হয়ে থাকলে সেই অর্থ অভিভাবকদের ফেরত দিতে হবে অথবা পরবর্তী শিক্ষাবর্ষের ফি-র সঙ্গে সমন্বয় করতে হবে।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন, রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরী এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত। আলোচনায় যোগ দেন রাজ্যের বিভিন্ন নামী বেসরকারি স্কুলের প্রায় ৩৬০ জন প্রতিনিধি। মুখ্যমন্ত্রী জানান, সব বেসরকারি স্কুলের বিরুদ্ধে অভিযোগ না থাকলেও কয়েকটি প্রতিষ্ঠান নিজেদের মতো করে ৯, ১২ এমনকি ১৫ শতাংশ পর্যন্ত ফি বাড়িয়েছে। অন্যদিকে, বেশ কিছু স্কুল ফি অপরিবর্তিত রেখেছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, কলকাতার কয়েকটি পরিচিত স্কুল বার্ষিক ৯ শতাংশ ফি বৃদ্ধির প্রস্তাব দিলেও পশ্চিমবঙ্গ সরকার তাতে সম্মতি দেয়নি। সরকারের অবস্থান, আগামী দিনে কোনও বেসরকারি স্কুলই ৫ শতাংশের বেশি ফি বাড়াতে পারবে না। ইতিমধ্যে যেসব প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ আদায় করেছে, তাদের সেই টাকা ফেরত দিতে হবে। প্রয়োজনে পরবর্তী শিক্ষাবর্ষের ফি-র সঙ্গে হিসাব সমন্বয় করা যেতে পারে।
এই বিষয়টি কার্যকর করতে একাধিক সরকারি দফতরের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি আলোচনার মাধ্যমে চূড়ান্ত সুপারিশ তৈরি করবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই বেসরকারি স্কুলের ফি সংক্রান্ত নিয়মাবলি কার্যকর করতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করার পরিকল্পনা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের।
বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানান, দেশের সাত থেকে আটটি রাজ্যে ইতিমধ্যেই বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে আইন রয়েছে। বিহারে বছরে সর্বোচ্চ ৭ শতাংশ ফি বৃদ্ধির বিধান থাকলেও পশ্চিমবঙ্গের আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনা না করে সেই নিয়ম অনুসরণ করা সম্ভব নয়। তাঁর আশা, আইন প্রণয়নের প্রয়োজন হবে না। স্কুল কর্তৃপক্ষ ও সরকারের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা যাবে।
এদিকে, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ এবং স্বচ্ছতা বাড়াতে আগামী ১ ডিসেম্বর থেকে দুটি পৃথক পোর্টাল চালু করতে চলেছে পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষা দফতর। একটি পোর্টাল থাকবে বেসরকারি স্কুলগুলির জন্য, অন্যটি অভিভাবকদের জন্য। ফলে ফি সংক্রান্ত অভিযোগ ও তথ্য আদানপ্রদানের ক্ষেত্রে নতুন ব্যবস্থা তৈরি হতে চলেছে।
রাজ্য সরকারের এই উদ্যোগে পশ্চিমবঙ্গের বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধির ক্ষেত্রে কতটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়, এখন সেদিকেই নজর অভিভাবক মহলের।