নিজের শিক্ষা প্রতিষ্ঠানে ৪৬ কোটি টাকার উপহার সুন্দর পিচাইয়ের! উন্নত AI গবেষণায় IIT খড়্গপুরকে অর্থসাহায্য গুগলের

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 8 h ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি

খড়্গপুর:

নিজের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিতে বড় পদক্ষেপ করলেন গুগলের সিইও সুন্দর পিচাই। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে IIT খড়্গপুরকে ৫ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৪৬ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করল প্রযুক্তি সংস্থা গুগল। প্রতিষ্ঠানের ৭৫তম বর্ষপূর্তি উদযাপনের আবহে শনিবার এই ঘোষণা করা হয়। এই অর্থ গবেষণা, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং ক্যাম্পাসে AI-ভিত্তিক প্রযুক্তিগত পরিকাঠামো গড়ে তোলার কাজে ব্যবহার করা হবে।

IIT খড়্গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী জানিয়েছেন, প্রতিষ্ঠানের প্রাক্তনী তথা গুগলের সিইও সুন্দর পিচাইয়ের উদ্যোগেই এই আর্থিক সহায়তার পরিকল্পনা করা হয়েছে। গুগলের ব্লগে জানানো হয়েছে, ভারতের পরবর্তী প্রজন্মের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের গড়ে তোলা এবং উন্নত AI গবেষণাকে ত্বরান্বিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তিনটি ক্ষেত্রে কাজে লাগবে অর্থ

গুগলের এই আর্থিক সহায়তা মূলত তিনটি ক্ষেত্রে ব্যবহার করা হবে।

প্রথমত, উন্নত AI গবেষণায়। ভারতীয় ভাষা বা ইন্ডিক ল্যাঙ্গুয়েজ, পদার্থবিজ্ঞান ও উপাদান বিজ্ঞান, কৃষি এবং শিক্ষাপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাস্তব সমস্যার সমাধানে AI প্রযুক্তির প্রয়োগ নিয়ে গবেষণা করবেন প্রতিষ্ঠানের পড়ুয়া ও গবেষকরা।

দ্বিতীয়ত, শিক্ষার সুযোগ সম্প্রসারণ। পড়ুয়া, শিক্ষক ও অধ্যাপকদের জন্য AI প্রশিক্ষণ এবং নতুন পাঠ্যক্রম তৈরিতে সাহায্য করবে এই অর্থ। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত দক্ষতা ও জ্ঞান অর্জনের সুযোগ আরও বাড়বে।

তৃতীয়ত, AI পরিকাঠামো ও সক্ষমতা বৃদ্ধি। ক্যাম্পাসে উন্নত AI ফ্রেমওয়ার্ক, প্রযুক্তিগত সরঞ্জাম এবং প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজেও ব্যবহার করা হবে এই তহবিল।

নিজের পুরনো প্রতিষ্ঠানের সঙ্গে নতুন সম্পর্ক পিচাইয়ের

IIT খড়্গপুরের প্রাক্তনী সুন্দর পিচাই এই সহযোগিতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর কথায়, ভারতীয় ভাষা, কৃষি ও শিক্ষার মতো ক্ষেত্রে IIT খড়্গপুর উল্লেখযোগ্য গবেষণার কাজ করছে। এই উদ্যোগ সেই গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যে প্রতিষ্ঠান তাঁর নিজের শিক্ষাজীবনকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, সেই প্রতিষ্ঠানের আগামী প্রজন্মের পড়ুয়াদের ভবিষ্যৎ গঠনেও এই সহযোগিতা কাজে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

পিচাই আরও বলেন, উদ্ভাবনের ক্ষেত্রে ভারত ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের প্রতিটি মানুষের কাছে AI-এর সুফল পৌঁছে দেওয়ার যে লক্ষ্য, এই ধরনের উদ্যোগ তা বাস্তবায়নে সহায়ক হবে।

প্রযুক্তি ও গবেষণার দুনিয়ায় ভারতের অবস্থান আরও মজবুত করার ক্ষেত্রে গুগল ও IIT খড়্গপুরের এই সহযোগিতাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ভারতীয় ভাষা, কৃষি ও শিক্ষার মতো ক্ষেত্রগুলিতে AI-এর ব্যবহার সাধারণ মানুষের জীবনেও নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।



শেহতীয়া খবৰ