জামিয়া মিলিয়া ইসলামিয়ার বড় সিদ্ধান্ত, ব্যাকলগ থাকা চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের জন্য কম্পার্টমেন্ট পরীক্ষার সুযোগ
নয়াদিল্লি:
চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের ডিগ্রি সম্পূর্ণ করতে সুবিধা দিতে পরীক্ষার নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল জামিয়া মিলিয়া ইসলামিয়া। নতুন নিয়ম অনুযায়ী, যেসব চূড়ান্ত বর্ষ বা শেষ সেমেস্টারের শিক্ষার্থীর আগের সেমেস্টার বা বর্ষের কোনও ব্যাকলগ (অকৃতকার্য বিষয়) রয়েছে, তারা পরবর্তী নিয়মিত পরীক্ষার জন্য অপেক্ষা না করে সরাসরি কম্পার্টমেন্ট পরীক্ষায় অংশ নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল (ইসি) অধ্যাদেশ-১৫ (Ordinance-15)-এর সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।সংশোধিত নিয়ম অনুযায়ী, বার্ষিক পদ্ধতির আওতায় থাকা শেষ বর্ষ বা শেষ সেমেস্টারের শিক্ষার্থীরা পূর্ববর্তী যে কোনও সেমেস্টার বা বর্ষের ব্যাকলগ পেপারের জন্য চূড়ান্ত পরীক্ষার পর আয়োজিত কম্পার্টমেন্ট পরীক্ষায় বসতে পারবেন। পরীক্ষার সময়সূচি পরে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর পৃথকভাবে ঘোষণা করবে।
তবে এই সুবিধা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিয়মিত (Regular) কোর্সের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। দূরশিক্ষা (Distance Education)-এর শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় থাকবেন না।
অধ্যাদেশ-১৫-এর ধারা ২৪.৪ সংশোধন করে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সাধারণভাবে 'ক্যারি-ওভার সিস্টেম'-এ পরিচালিত কোর্সগুলির জন্য কম্পার্টমেন্ট পরীক্ষা হবে না। তবে চূড়ান্ত বর্ষ বা শেষ সেমেস্টারের শিক্ষার্থীরা আগের যেকোনও সেমেস্টার বা বর্ষের ব্যাকলগ বিষয়ের জন্য এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এছাড়াও, পুনর্মূল্যায়ন (Re-evaluation) সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত ধারা ২৩.১ অনুযায়ী, চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করার পরিবর্তে চাইলে সরাসরি কম্পার্টমেন্ট পরীক্ষায় অংশ নিতে পারবেন।
অন্যদিকে, প্রথম, দ্বিতীয় বা অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা আগের নিয়ম অনুযায়ী ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।