আজ থেকে পথচলা শুরু আইআইএম গুয়াহাটির, প্রথম এমবিএ ব্যাচের উদ্বোধনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি:
দেশের ২২তম এবং উত্তর-পূর্ব ভারতের দ্বিতীয় ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান (IIM) হিসেবে আনুষ্ঠানিকভাবে আজ থেকে শিক্ষাযাত্রা শুরু করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (IIM) গুয়াহাটি। কামরূপ জেলার বঙোরার টেক সিটিতে অবস্থিত অস্থায়ী (ট্রানজিট) ক্যাম্পাসে ২০২৬–২৮ শিক্ষাবর্ষের প্রথম এমবিএ ব্যাচের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হল প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু। অনুষ্ঠানে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উত্তর-পূর্ব ভারতে উচ্চশিক্ষা ও ব্যবস্থাপনা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের কথা তুলে ধরা হয়।
আইআইএম গুয়াহাটির প্রথম এমবিএ ব্যাচে ৫২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। প্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ে একাডেমিক ও প্রশাসনিক পরামর্শদাতা হিসেবে রয়েছে দেশের শীর্ষ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আইআইএম আহমেদাবাদ।
প্রায় ৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রানজিট ক্যাম্পাসে আধুনিক একাডেমিক ভবন, ছাত্রাবাস এবং শিক্ষক-আবাসনের ব্যবস্থা রয়েছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ চললেও আপাতত এই ক্যাম্পাস থেকেই পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।
কেন্দ্র সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত আইআইএম গুয়াহাটি দেশের ২২তম আইআইএম এবং আইআইএম শিলংয়ের পর উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় আইআইএম। শিক্ষাক্ষেত্রে অসমকে পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।