সিওলে ‘ডেভেলপিং কান্ট্রিজ এডুকেশন অ্যাওয়ার্ড’ পেলেন অসম কন্যা ডাঃ অস্মিতা শুক্লা

Story by  Satananda Bhattacharjee | Posted by  Aparna Das • 18 h ago
সিওলে ‘ডেভেলপিং কান্ট্রিজ এডুকেশন অ্যাওয়ার্ড’ পেলেন অসম কন্যা ডাঃ অস্মিতা শুক্লা
সিওলে ‘ডেভেলপিং কান্ট্রিজ এডুকেশন অ্যাওয়ার্ড’ পেলেন অসম কন্যা ডাঃ অস্মিতা শুক্লা
 
শতানন্দ ভট্টাচার্য

আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত হলেন একজন অসম কন্যা। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে ‘ডেভেলপিং কান্ট্রিজ এডুকেশন অ্যাওয়ার্ড’ অর্জন করে দেশের পাশাপাশি অসম তথা বরাক উপত্যকার মুখ উজ্জ্বল করলেন চিকিৎসক ডাঃ অস্মিতা শুক্লা। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে নিজের গবেষণার বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন তিনি। তাঁর গবেষণা ও উপস্থাপনার স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

ডাঃ অস্মিতার গবেষণার বিষয় ছিল, ‘থাইমোমা-সম্পর্কিত মায়াস্থেনিয়া গ্র্যাভিসে রোগপ্রতিরোধ ক্ষমতার ভারসাম্যহীনতা, ডিজিটাল ইমেজ বিশ্লেষণ-সহায়িত ক্লিনিকোপ্যাথলজিক্যাল স্টাডি।’ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ বিষয়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন তিনি। তাঁর গবেষণাকর্ম আন্তর্জাতিক মহলে বিশেষভাবে প্রশংসিত হয়।
 
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে চিকিৎসক ডাঃ অস্মিতা শুক্লা
 
ডাঃ অস্মিতার এই আন্তর্জাতিক সাফল্যে গোটা অসম তথা বরাক উপত্যকার চিকিৎসক মহল, শিক্ষাজগত এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। বিশেষ করে তাঁর পৈতৃক নিবাস শ্রীভূমি জেলার মস্কিপুর গ্রামে বইছে খুশির জোয়ার। আন্তর্জাতিক মঞ্চে শ্রীভূমির এক কন্যার এই সাফল্যে গর্বিত গ্রামের মানুষও।
 
শিক্ষাজীবনেও একের পর এক সাফল্যের নজির রয়েছে ডাঃ অস্মিতার। ২০২১ সালে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি শিলচর মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হন এবং সফলভাবে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে ২০২৫ সালে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) থেকে এমডি ডিগ্রি অর্জন করেন তিনি।
 

এরপর এমডি-পরবর্তী সুপার স্পেশালিটি অনকোলজি কোর্সে ভর্তির জন্য অনুষ্ঠিত সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন ডাঃ অস্মিতা। তাঁর এই ধারাবাহিক সাফল্য ইতিমধ্যেই চিকিৎসা ও শিক্ষামহলে বিশেষ প্রশংসা কুড়িয়েছে।
 
ডাঃ অস্মিতার প্রাথমিক শিক্ষাজীবনও শিলচরেই। শিলচর সেন্ট ক্যাপিটানিয়ো স্কুল থেকে মাধ্যমিক এবং শিলচর মহর্ষি বিদ্যামন্দির থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। বর্তমানে ডাঃ অস্মিতা শিলচর শহরের বাসিন্দা হলেও তাঁর পৈতৃক বাড়ি শ্রীভূমি জেলার মস্কিপুরে। তিনি শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ আশুতোষ শুক্লবৈদ্য ও উৎপলা শুক্লবৈদ্যের জ্যেষ্ঠ কন্যা।
 
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে চিকিৎসক ডাঃ অস্মিতা শুক্লা
 
তাঁর আন্তর্জাতিক স্বীকৃতিতে চিকিৎসক মহল, শিক্ষক-শিক্ষার্থীসহ বরাক উপত্যকার বিভিন্ন স্তরের মানুষ অভিনন্দন জানিয়েছেন। মস্কিপুর গ্রামের বাসিন্দারাও ডাঃ অস্মিতার সাফল্যে গর্বিত ও আনন্দিত। তাঁদের মতে, শ্রীভূমির মাটির এই কন্যার আন্তর্জাতিক মঞ্চে এমন সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থী ও তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।
 
উল্লেখ্য, ভারত থেকে একমাত্র ডাঃ অস্মিতা এই সম্মেলনে অংশ নেন। তাঁর সঙ্গে ফিলিপাইনস, জর্ডান, নাইজেরিয়া, ব্রাজিল এবং চিনের চিকিৎসকরাও সম্মেলনে অংশগ্রহণ করে বিভিন্ন গবেষণার উপর পুরস্কার পান।