কলকাতা
বছরের শেষেই পশ্চিমবঙ্গে আরও প্রায় ৩০০টি মাদ্রাসা বন্ধ হতে পারে। পড়ুয়া না থাকা, প্রয়োজনীয় পরিকাঠামোর ঘাটতি এবং নিয়ম মেনে পরিচালিত না হওয়ার অভিযোগে এই পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার।
নবান্ন সূত্রে খবর, বর্তমানে ২৫০টি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসা বন্ধের প্রক্রিয়ায় রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে বন্ধের নোটিস দেওয়া হতে পারে। পাশাপাশি, আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। পুজোর আগেই তাদের শোকজের জবাব দিতে হবে। জবাব খতিয়ে দেখে সেখান থেকেও অন্তত ৫০টির বেশি মাদ্রাসা বন্ধ হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধ করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, সহ একাধিক জেলায় এই প্রতিষ্ঠানগুলি রয়েছে।
রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, ডিসেম্বর মাসে শিক্ষাদপ্তরের সেশন শেষ হয়। তাই শিক্ষাবর্ষের মাঝপথে মাদ্রাসা বন্ধ না করে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়ার সংখ্যা খুবই কম। মাঝপথে প্রতিষ্ঠান বন্ধ হলে পড়ুয়াদের স্কুলছুট হওয়ার আশঙ্কা রয়েছে।
নবান্নের তরফে আরও জানানো হয়েছে, শুধু খারিজি মাদ্রাসা নয়, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসাগুলির ক্ষেত্রেও নিয়ম ও পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় পরিকাঠামো না থাকলে বা নিয়ম মেনে প্রতিষ্ঠান পরিচালিত না হলে ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যের মাদ্রাসাগুলির পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সরকারি আধিকারিকদের মাধ্যমে সমীক্ষা হয়েছে। এবার ফের সমীক্ষা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পড়ুয়ার সংখ্যা, পরিকাঠামো এবং পরিচালন সংক্রান্ত নিয়ম মানা হচ্ছে কি না, এই সমস্ত বিষয় খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।