স্বাক্ষর জালিয়াতি মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি আগামীকাল কলকাতা হাইকোর্টে

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 9 h ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি
কলকাতা: 
 
তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা আবেদনের শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। দলীয় বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে রাজ্য সিআইডির তদন্তে তাঁর বিরুদ্ধে কোনও রকম কড়া পদক্ষেপ না নেওয়ার নির্দেশ এবং এফআইআর খারিজের আবেদন করেছেন তিনি।

বিচারপতি কৌশিক চন্দের এজলাসে অভিষেকের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জরুরি শুনানির আবেদন করে জানান, মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে তাঁর ডায়মন্ড হারবারের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে সিআইডি। এরপরই আদালতের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

ডায়মন্ড হারবারের সাংসদ তাঁর আবেদনে সিআইডির সম্ভাব্য "কোয়েরসিভ অ্যাকশন" বা জোরপূর্বক আইনি পদক্ষেপ থেকে সুরক্ষা চেয়েছেন। পাশাপাশি স্বাক্ষর জালিয়াতি মামলায় দায়ের হওয়া এফআইআর বাতিলেরও আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, তৃণমূলের দুই বিধায়ক—ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা—বিধানসভা সচিবালয়ে অভিযোগ করেন যে, বিরোধী দলনেতা হিসেবে বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে মনোনয়নের প্রস্তাবে তাঁদের স্বাক্ষর জাল করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে বিধানসভা সচিবালয় কলকাতা পুলিশের কাছে এফআইআর দায়ের করে। পরে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের নির্দেশে তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়।অন্যদিকে, অভিযোগকারী দুই বিধায়ককে পরে "দলবিরোধী কার্যকলাপের" অভিযোগে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়।

এখন এই বহুচর্চিত মামলায় কলকাতা হাইকোর্টের বৃহস্পতিবারের শুনানির দিকেই নজর রাজনৈতিক মহলের। আদালতের পর্যবেক্ষণ এবং নির্দেশ আগামী দিনে এই তদন্তের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।