কলকাতা:
বিদেশের মাটিতে থেকেও বাঙালির মন পড়ে থাকে বাংলার মাটিতেই। শরতের কাশফুল, ঢাকের বাদ্যি কিংবা পুজোর গন্ধ হাতের কাছে না থাকলেও দুর্গাপুজো এলেই শিকড়ের টান অনুভব করেন প্রবাসী বাঙালিরা। সেই আবেগই এবার আরও একবার ধরা পড়বে নিউ ইয়র্কের আইকনিক টাইমস স্কোয়ারে। ১০ ও ১১ অক্টোবর সেখানে বসছে দ্বিতীয় বর্ষের টাইমস স্কোয়ার দুর্গোৎসব। অনুষ্ঠানটি হবে ফাদার ডাফি স্কোয়ারে, ব্রডওয়ের ৪৬ ও ৪৭ নম্বর স্ট্রিটের মধ্যবর্তী এলাকায়।
দু’দিনের এই আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকছে না। মহালয়ার চণ্ডীপাঠ থেকে শুরু করে শিশু-কিশোরদের গীতাপাঠ, পূজা-অর্চনা, অঞ্জলি, ধুনুচি নাচ, সংগীত ও নৃত্য—সব মিলিয়ে তৈরি হয়েছে বাঙালি সংস্কৃতির এক পূর্ণাঙ্গ আবহ। আয়োজকদের বক্তব্য, বিশ্বের অন্যতম ব্যস্ত ও বহুসাংস্কৃতিক শহরের কেন্দ্রে দুর্গাপুজো আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে পৌঁছে দেওয়াই অন্যতম লক্ষ্য।
১০ অক্টোবর সকাল ১১টায় সত্যম রায়চৌধুরীর চণ্ডীপাঠের মাধ্যমে শুরু হবে মহালয়ার অনুষ্ঠান। নিউ ইয়র্কে বেড়ে ওঠা শিশু-কিশোরদের গীতাপাঠ পরিচালনা করবেন সুতিপা চৌধুরী। এরপর মালবিকা চট্টোপাধ্যায়ের পরিচালনায় সংগীত সাধনা অ্যাকাডেমির সংগীতানুষ্ঠান এবং চন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নৃত্যাঞ্জলির ৬০ জনেরও বেশি শিল্পীর নৃত্য পরিবেশনা থাকবে। বাফা ও আড্ডা অ্যাকাডেমির শিল্পীরাও অংশ নেবেন।
প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ ও নিউ ইয়র্কের শিল্পী শাহ মাহবুব এবং পশ্চিমবঙ্গের শিল্পী মেখলা দাশগুপ্তের পরিবেশনাও থাকছে। দ্বিতীয় দিন, ১১ অক্টোবর সকাল ১০টায় শুরু হবে দুর্গাপুজো। বিকেল ৩টেয় অঞ্জলি এবং পরে ধুনুচি নাচের আয়োজন রয়েছে। সাংস্কৃতিক পর্বে থাকবেন পশ্চিমবঙ্গের শিল্পী দিয়াসিনী রায় এবং জোজো মুখোপাধ্যায় ও তাঁর ব্যান্ড। অতিথি শিল্পী হিসেবে থাকছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ও।
টাইমস স্কোয়ারে এমন আয়োজনের তাৎপর্য শুধু প্রবাসী বাঙালিদের উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বের অন্যতম পরিচিত জনসমাগমস্থলে দুর্গাপুজো আয়োজন কার্যত বাংলা সংস্কৃতিকে একটি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরছে। আয়োজকদের মতে, এখানে পুজো যেমন বাঙালিদের নিজেদের শিকড়ের সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে, তেমনই বৃহত্তর আন্তর্জাতিক দর্শকদের কাছেও দুর্গাপুজোর শিল্প, সংগীত, নৃত্য ও ঐতিহ্যকে পরিচিত করছে।
শুধু নিউ ইয়র্ক নয়, নিউ জার্সিতেও পুজোর প্রস্তুতি তুঙ্গে। গার্ডেন স্টেট পুজো কমিটি (GSPC)-র ৪৫তম জার্সি সিটি দুর্গাপুজো হবে ১৬ থেকে ১৮ অক্টোবর উইলিয়াম এল ডিকিনসন হাইস্কুলে। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলা সংস্কৃতি সংরক্ষণ ও বিভিন্ন সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত।
তিন দিনের এই আয়োজনে ১৬ অক্টোবর থাকবে শরৎ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৭ অক্টোবর পারফর্ম করবে বাংলা ব্যান্ড হুলিগানিজম, আর ১৮ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবার লাইভ পারফর্ম করবেন গায়ক অনিন্দ্য বোস।
অর্থাৎ, নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার থেকে নিউ জার্সির জার্সি সিটি—হাজার হাজার মাইল দূরেও বাঙালির শরৎ উৎসব শুধু পুজোর আচারেই আটকে নেই। গান, নাচ, শিল্প, খাবার, আড্ডা এবং নতুন প্রজন্মের অংশগ্রহণের মধ্য দিয়ে বিদেশের মাটিতেও তৈরি হচ্ছে এক টুকরো বাংলা।