রিয়াদঃ
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং জোটকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে আলোচনা করতে আজ সোমবার (৫ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকে বসছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের একটি গুরুত্বপূর্ণ কমিটি। বৈঠকে তুরস্কের কয়েকজন শীর্ষ মন্ত্রীসহ সৌদি আরব ও পাকিস্তানের কর্মকর্তারাও অংশ নেবেন।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির এই বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ কতদূর এগিয়েছে, তা নিয়ে আলোচনা হবে।
বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং দেশটির সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু অংশ নেবেন। পাশাপাশি পাকিস্তান ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত থাকবেন।
এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইয়েমেনের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সৌদি আরব সমর্থিত ইয়েমেন সরকারের নেতা হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনর্দখলের লক্ষ্যেই এই অভিযান শুরু করার কথা জানানো হয়েছে।
ফলে রিয়াদের বৈঠকে ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বিশেষ গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়েও আলোচনা হতে পারে।
মক্কা প্রতিরক্ষা জোটকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনার উদ্যোগও বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক সমন্বয়, নিরাপত্তা সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক আরও সুসংগঠিত করার পথ তৈরি হতে পারে।
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্ক দীর্ঘদিনের। আঞ্চলিক নিরাপত্তা ও পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে তিন দেশকে নিয়ে গঠিত এই জোটের কার্যক্রম কীভাবে এগিয়ে নেওয়া হবে, রিয়াদের বৈঠকে সে বিষয়েই গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে মক্কা প্রতিরক্ষা জোটে আরও কয়েকটি দেশের যোগ দেওয়ার আগ্রহের খবরও সামনে এসেছে। ফলে আজকের বৈঠককে জোটের ভবিষ্যৎ কাঠামো ও সম্প্রসারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।