ভারত-চিন সম্পর্কের বরফ গলল: পাঁচ বছর পর ফের সরাসরি উড়ান চালু

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 8 Months ago
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নয়াদিল্লী
 
ভারত ও চিনের মধ্যে পাঁচ বছরেরও বেশি সময় পর ফের সরাসরি বিমান পরিষেবা চালু হতে চলেছে। বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি মাস থেকেই দুই দেশের নির্দিষ্ট শহরের মধ্যে সরাসরি উড়ান শুরু হবে। ২০২০ সালের পর থেকে ভারত-চিনের মধ্যে কোনও সরাসরি উড়ান চলাচল করেনি। অথচ চিনই ভারতের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগী।

ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা-গুয়াংঝাউ রুটে দৈনিক নন-স্টপ ফ্লাইট চালু হবে। শীঘ্রই নয়াদিল্লি ও চিনের একটি শহরের মধ্যে আরও একটি নতুন রুট চালুর পরিকল্পনাও রয়েছে।

এই সিদ্ধান্তকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। গত মাসে প্রায় সাত বছর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিন সফরে গিয়েছিলেন। তিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর আঞ্চলিক নিরাপত্তা বৈঠকে যোগ দেন। সেখানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকে মোদী বলেন, ভারত ও চিন প্রতিদ্বন্দ্বী নয়, বরং উন্নয়নের অংশীদার।

দুই দেশের নেতারা বৈঠকে বৈশ্বিক শুল্ক অনিশ্চয়তার আবহে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন। একইসঙ্গে ভারতের প্রায় ৯৯.২ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতির বিষয়টিও চিনের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

মোদী জোর দিয়ে বলেন, সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। ২০২০ সালের সংঘর্ষের পর থেকে টানা পাঁচ বছর ধরে দুই দেশের সেনাদের মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছিল।

নতুন বিমান পরিষেবা চালু হওয়া শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, বরং দুই দেশের মধ্যে আস্থা ফিরিয়ে আনার দিকেও বড় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।