শোক, ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে পালিত হলো পবিত্র মহরম; আগরতলায় হল তাজিয়া শোভাযাত্রা
নূরুল হক, আগরতলা,
আজ শুক্রবার ২৬ জুন ইসলামিক মহরম মাসের ১০ তারিখ। গোটা বিশ্বে এই দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা পবিত্র মহরম হিসেবে পালন করে থাকেন। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগের এক অনন্য স্মারক। কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ এর দৌহিত্র ইমাম হাসান এবং হুসাইনের শাহাদাতের স্মরণে বিশ্বজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মহরম। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবার রাজধানী আগরতলা-র বর্ডার গোলচক্কর এলাকা থেকে একটি বৃহৎ তাজিয়া শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে শোভাযাত্রাটি সম্প্রীতি, শান্তি ও মানবতার বার্তা পৌঁছে দেয়। শোভাযাত্রায় ধর্মপ্রাণ মুসলিমদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষও অংশ নেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।
মহরম হলো ইসলামি বা হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস এবং ইসলামে অত্যন্ত পবিত্র ও সম্মানিত। এই মাসের ১০ তারিখ 'আশুরা' নামে পরিচিত, যার রয়েছে গভীর ধর্মীয় ও ঐতিহাসিক তাৎপর্য।শিয়া মুসলিম সম্প্রদায়ের কাছে মহরম শোকের মাস। ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন ও তাঁর পরিবারের সদস্যরা পানির জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হন। তাঁদের আত্মত্যাগকে স্মরণ করে মহরমের প্রথম ১০ দিন শোক পালন করা হয় এবং আশুরার দিন তাজিয়া মিছিল ও মাতমের আয়োজন করা হয়।
মহরম উপলক্ষে আগরতলার বর্ডার গোলচক্করসহ শহরের বিভিন্ন এলাকায় ধর্মীয় অনুষ্ঠান, জিকির ও তাজিয়া শোভাযাত্রার আয়োজন করা হয়। অনেকেই মহরমের প্রথম ১০ দিন হাসান-হুসাইনের স্মরণে জিকির, উপবাস এবং অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। বাড়ি ঘরে জারি গান শোনার পাশাপাশি একসময় মহরম উপলক্ষে লাঠিখেলা, দা খেলা ও অন্যান্য ঐতিহ্যবাহী প্রদর্শনী অনুষ্ঠিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে এসব আয়োজন অনেকটাই কমে এসেছে।
আগরতলায় তাজিয়া শোভাযাত্রা
তবে আজও মহরমের মূল বার্তা ত্যাগ, সত্যের পক্ষে অবিচল থাকা এবং মানবতার শিক্ষা সমানভাবে অনুপ্রাণিত করে ধর্মপ্রাণ মানুষকে। এদিন আগরতলার বিটারবনে মহরম উপলক্ষে একটি বিশেষ আনন্দমেলার আয়োজন হয়েছে। একইভাবে মসজিদে মসজিদে বিশেষ দোয়া এবং নামাজ পাঠ হয়। অনেকে বাড়ি ঘরে দুয়ার পাশাপাশি মাহফিলের আয়োজন করেন।