কলকাতা অগ্নিকাণ্ডে মৃত দুই বাংলাদেশি পর্যটকের মরদেহ ঘোজাডাঙ্গা সীমান্ত হয়ে দেশে ফিরল

Story by  atv | Posted by  Aparna Das • 1 d ago
কলকাতা অগ্নিকাণ্ডে মৃত দুই বাংলাদেশি পর্যটকের মরদেহ ঘোজাডাঙ্গা সীমান্ত হয়ে দেশে ফিরল
কলকাতা অগ্নিকাণ্ডে মৃত দুই বাংলাদেশি পর্যটকের মরদেহ ঘোজাডাঙ্গা সীমান্ত হয়ে দেশে ফিরল
 
কলকাতা

কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে মৃত দুই বাংলাদেশি পর্যটকের মরদেহ ভারতীয় দূতাবাসের প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর ঘোজাডাঙ্গা সীমান্ত হয়ে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গেল তাঁদের পরিবার।
 
মৃতদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার এলাকার বাসিন্দা ৪৮ বছর বয়সি আলিমুজ্জামান এবং ৪৫ বছর বয়সি শেখ শিরিন সাঈদ। গত ১৯ আগস্ট, বুধবার কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে এই দুই বাংলাদেশি পর্যটক ছিলেন বলে জানা যায়।
 

অগ্নিকাণ্ডের খবর পরিবারের কাছে পৌঁছনোর পর মৃতদের মরদেহ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্রসহ বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে আবেদন করা হয়। পরবর্তীতে ভারতীয় বিদেশ মন্ত্রকের অনুমোদন ও প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলি ঘোজাডাঙ্গা সীমান্তে নিয়ে আসা হয়।
 
এরপর বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পার করে ভোমরা স্থলবন্দর হয়ে মরদেহ দুটি বাংলাদেশে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রয়োজনীয় সীমান্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহগুলি তাঁদের হাতে তুলে দেওয়া হয়।