১০০ কেজি সোনায় সেজে মা দুর্গা! শিলিগুড়ির সেন্ট্রাল কলোনির পুজোয় এবার চোখ ধাঁধানো চমক, ভিড়ের রেকর্ড গড়া শুধু সময়ের অপেক্ষা

Story by  Tarun Nandi | Posted by  Aparna Das • 16 h ago
১০০ কেজি সোনায় সেজে মা দুর্গা! শিলিগুড়ির সেন্ট্রাল কলোনির পুজোয় এবার চোখ ধাঁধানো চমক, ভিড়ের রেকর্ড গড়া শুধু সময়ের অপেক্ষা
১০০ কেজি সোনায় সেজে মা দুর্গা! শিলিগুড়ির সেন্ট্রাল কলোনির পুজোয় এবার চোখ ধাঁধানো চমক, ভিড়ের রেকর্ড গড়া শুধু সময়ের অপেক্ষা
 
তরুণ নন্দী / কলকাতা

১০০ কেজি খাঁটি সোনার গয়নায় সাজানো হয়েছে দেবী দুর্গা আর তাঁর সন্তানদের। উত্তরবঙ্গের পুজোর ইতিহাসে এই প্রথম দেবী দুর্গাকে সাজানো হচ্ছে এত বেশি সোনার অলঙ্কারে। ঐতিহ্যবাহী শিলিগুড়ি সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটির এই পুজো ঘিরে ইতিমধ্যেই সমগ্র উত্তরবঙ্গ জুড়ে শোরগোল পড়ে গেছে। উদ্যোক্তাদের দাবি, একটি নামজাদা স্বর্ণালঙ্কার প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে দেবীকে রাজকীয় সাজে সাজিয়ে তোলা হয়েছে।

পুজোর আবহে মণ্ডপে মণ্ডপে প্রতিমা আনার প্রস্তুতিতে যখন মেতে উঠেছে গোটা উত্তরবঙ্গ, ঠিক তখনই আকর্ষনের সব আলো যেন শিলিগুড়ির সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো নিজের দিকে টেনে নিয়েছে। কারণ, এবার এখানে প্রতিমাকে সাজানো হয়েছে এক অভাবনীয় রাজকীয় সাজে। পুজো কমিটার দাবি, তাদের মন্ডপের দেবী দুর্গার অলঙ্কারে ব্যবহৃত হয়েছে ১০০ কেজি খাঁটি সোনা। এই চমককে সামনে রেখেই ৬৪তম বর্ষে নতুন ইতিহাস গড়ার দাবি পুজো উদ্যোক্তাদের। 
 
১০০ কেজি খাঁটি সোনার গয়নায় সাজানো দেবী দুর্গা
 
আর এই উদ্যোগেই শিলিগুড়ির ঐতিহ্যবাহী সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটি এবছর সাড়া ফেলে দিল গোটা উত্তরবঙ্গ জুড়ে। জানা গেল, একটি নামজাদা স্বর্ণালঙ্কার প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে রাজকীয় আভরণে দেবীকে সাজিয়ে তোলা হয়েছে। উত্তরবঙ্গের পুজোর ইতিহাসে ১০০ কেজি সোনার অলঙ্কারে দেবীকে সাজানোর এমন আয়োজন আগে হয়নি বলেই দাবি করলেন উদ্যোক্তারা। 
 
শুধু সোনার অংলঙ্কারে মাকে সাজানো নয়, এবার চমক রয়েছে মণ্ডপসজ্জাতেও। প্রায় ৪০ লক্ষ টাকা বাজেটের এই পুজোয় ‘ভাস্কর্যের রূপকথা’ থিমকে সামনে রেখে তৈরি হয়েছে বিশেষ ভাবনায় সৃষ্টি হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের শিল্পীরা নিঁখুত শৈল্পিক ছোঁয়ায় সাজিয়ে তুলেছেন এই মণ্ডপ। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে সাজিয়ে সকলের সামনে এই নতুন অভিজ্ঞতা তুলে ধরাই উদ্যোক্তাদের লক্ষ্য। তৃতীয়াতেই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবং কাটিহার ডিভিশনের ডিআরএম।
 
শিলিগুড়ি সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপ
 
তবে এবারের সেন্ট্রাল কলোনির পুজোয় চমকের পাশাপাশি রয়েছে বড় পরিবর্তনও। ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু হওয়ায় এবার বদলাতে হয়েছে এতবছর ধরে চলে আসা পুজোর ঠিকানা। স্থান বদল হওয়ায় শুরুতে অবশ্য নানা প্রশ্ন তৈরি হলেও উদ্যোক্তাদের দাবি, পুজোর আবেগে বিন্দুমাত্র ভাটা পড়েনি। পুজোর আহ্বায়ক সুভাষ রায়ের কথায়, নতুন ঠিকানা বদলালেও পুজোর ঐতিহ্য আর মানুষের ভালোবাসা বদলায়নি। ১০০ কেজি সোনার অলঙ্কারে দেবীকে সাজানোর এই দৃশ্যই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। 
 
এত বড় আয়োজন মানেই নিরাপত্তার প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাস্তা বন্ধ না করেই বিকল্প ব্যবস্থার মাধ্যমে যানজট নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে পুজো কমিটির তরফ থেকে। ১০০ কেজির গহনার কারণে মণ্ডপ চত্বরে থাকছে দ্বিস্তরীয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।
 

উৎসবের আবহে সকলের মুখে হাসি ফোটাতে পুজোর দিনগুলিতে দুঃস্থদের বস্ত্র বিতরণ ও দরিদ্রনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়েছে। সামাজিক কর্মকাণ্ড হিসেবে রক্তদান এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে।
 
আসল কথা হলে,  দেবীর আরাধনার সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর বার্তাও এই পুজো কমিটি তুলে ধরতে চাইছে। সব মিলিয়ে, সেন্ট্রাল কলোনির এবারের দুর্গাপুজো যেন পুরনো মাঠ ছেড়ে নতুন ঠিকানায় পা রেখেও নজর কেডে় নিয়েছে সকলেরই। ১০০ কেজি সোনার অলঙ্কারে সজ্জিত দেবী দুর্গাকে এক ঝলক দেখতে এবার এই পুজো উত্তরবঙ্গের মধ্যে রেকর্ড গড়তে পারে কিনা, এখন সেদিকেই নজর থাকবে উদ্যোক্তাদের।


শেহতীয়া খবৰ