আমেরিকায় হিন্দু মন্দিরে গণহামলার ছকের অভিযোগ, বন্দুক আটকে যাওয়ার দাবি! গ্রেপ্তার ১৯ বছরের যুবক
ওয়াশিংটন:
আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যে একটি হিন্দু উপাসনালয়ে গণহামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অরোরা এলাকার একটি হিন্দু মন্দিরকে সম্ভাব্য নিশানা করে হামলার ছক কষেছিল অভিযুক্ত। তবে হামলার জন্য নির্দিষ্ট কোন উপাসনালয়কে বেছে নেওয়া হয়েছিল, তা এখনও নিশ্চিত করেনি পুলিশ। ধৃতের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদী হুমকি দেওয়া এবং বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১১ অক্টোবর এক ব্যক্তির কাছ থেকে সন্দেহজনক বৈদ্যুতিন বার্তা পাওয়ার অভিযোগের পর তদন্ত শুরু হয়। তদন্তকারীদের দাবি, পাপোরাকিস এক ব্যক্তির সঙ্গে এমন একটি নথি ভাগ করে নিয়েছিলেন, যেখানে গণহামলার পরিকল্পনার উল্লেখ ছিল। সেই সঙ্গে রাইফেল, গুলির ম্যাগাজিন, বডি আর্মার এবং সামরিক কৌশলগত সরঞ্জামের ছবিও পাঠানো হয়েছিল বলে অভিযোগ।
তদন্তকারীদের দাবি, অভিযুক্ত তাঁর কর্মস্থল টাকো বেলের সহকর্মীদের জানিয়েছিলেন, ১১ অক্টোবর একটি বিশেষ দিন হতে চলেছে। পরে এক সহকর্মীকে ফোন করে তিনি জানান, তাঁর বন্দুক আটকে গিয়েছে এবং কাউকে কিছু বুঝতে না দিয়ে দ্রুত সেখান থেকে চলে এসেছেন। এই তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা সন্দেহ করছেন, ওই দিনই হামলা চালানোর পরিকল্পনা ছিল তাঁর।
অভিযোগ, পাপোরাকিসের লেখা একটি ইস্তেহারে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ও চরমপন্থী মতাদর্শের প্রকাশ ছিল। সেখানে ভারতীয় বংশোদ্ভূত-সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বিরুদ্ধে হিংসার উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। নথিটি এবং অভিযুক্তের বৈদ্যুতিন বার্তাগুলি খতিয়ে দেখা হচ্ছে।
১১ অক্টোবর সন্ধ্যায় পালাটাইন ও মাউন্ট প্রসপেক্ট পুলিশের যৌথ অভিযানে নিজের বাড়ি থেকে বেরোনোর সময় গ্রেপ্তার করা হয় পাপোরাকিসকে। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একাধিক ভর্তি ম্যাগাজিন, কয়েকশো রাউন্ড গুলি এবং সামরিক কৌশলগত সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে বডি আর্মার-সহ একটি ট্যাকটিক্যাল ভেস্টও ছিল। অভিযুক্তের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হুমকি দেওয়া এবং ১৬ ইঞ্চির কম দৈর্ঘ্যের ব্যারেলযুক্ত রাইফেল বেআইনিভাবে রাখার অভিযোগ আনা হয়েছে। তদন্তে এফবিআই-ও সহযোগিতা করছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অরোরা, পালাটাইন ও মাউন্ট প্রসপেক্ট এলাকার হিন্দু উপাসনালয়গুলিকে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করা হয়েছে। পালাটাইন পুলিশের প্রধান উইলিয়াম নর্ডের বক্তব্য, এই ধরনের হুমকির গুরুত্ব কোনওভাবেই খাটো করে দেখা যায় না। দ্রুত তথ্য আদানপ্রদান ও দুই পুলিশ বিভাগের সমন্বিত পদক্ষেপের ফলে অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
বুধবার কুক কাউন্টির থার্ড মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট আদালতে অভিযুক্তকে হাজির করা হয়। বিচারক তাঁকে বিচার চলাকালীন হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।