কাঁটাতারের ছায়ায় উত্তপ্ত সীমান্ত: দুই বাংলার মাঝে বাড়ছে টানাপোড়েন, উদ্বেগে সীমান্তবাসী

Story by  Debkishor Chakraborty | Posted by  Sudip sharma chowdhury • 6 d ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি
 
হাকিমপুর সীমান্ত থেকে দেবকিশোর চক্রবর্তী 

সকাল গড়াতেই সীমান্তের বাতাসে অস্বস্তির গন্ধ। দূর থেকে ভেসে আসছে চিৎকার, কখনও প্রতিবাদের স্লোগান, কখনও উত্তেজিত জনতার কণ্ঠস্বর। দুই বাংলার সীমান্ত জুড়ে কাঁটাতারের নতুন বেড়া নির্মাণকে কেন্দ্র করে যে অস্থিরতার আবহ তৈরি হয়েছে, রবিবার সকালে হাকিমপুর সীমান্তের কাছে তারই আরও একটি প্রকাশ্য রূপ দেখা গেল।পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর সীমান্ত নিরাপত্তা জোরদারের উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা বেড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো, অনুপ্রবেশ রোধ এবং অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হওয়ার খবর সামনে আসতেই দুই দেশের সীমান্ত সংলগ্ন অঞ্চলে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি উত্তেজনার পারদ আরও চড়িয়েছে।
 
রবিবার সকালে হাকিমপুর সীমান্তের অদূরে কয়েকশো মানুষকে জড়ো হতে দেখা যায়। স্থানীয় সূত্রের দাবি, সীমান্তের ওপার থেকেও একাংশ মানুষ ঘটনাস্থলের দিকে ভিড় জমায়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করলে সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই উভয় দিক থেকে উত্তেজনাপূর্ণ বাক্যবিনিময় শুরু হয়। পরে কয়েকটি স্থানে ইট-পাথর ছোড়ার ঘটনাও ঘটে বলে জানা গেছে।সীমান্ত এলাকায় কর্মরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশে কটূক্তি ও উসকানিমূলক স্লোগান দেওয়ার ঘটনাও সামনে এসেছে। যদিও বড় ধরনের সংঘর্ষের খবর মেলেনি, তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
 
সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন সীমান্তের সাধারণ মানুষ। যাদের জীবন-জীবিকা, আত্মীয়তার সম্পর্ক এবং দৈনন্দিন বাস্তবতা এই সীমান্তকেই ঘিরে, তারা চাইছেন দ্রুত পরিস্থিতির স্বাভাবিকতা ফিরুক। বহু বাসিন্দার বক্তব্য, রাজনৈতিক সিদ্ধান্ত ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব শেষ পর্যন্ত এসে পড়ে সীমান্তবাসীর জীবনেই।এলাকার এক প্রবীণ বাসিন্দা বলেন, “সীমান্তে উত্তেজনা নতুন নয়, কিন্তু গত কয়েক মাসে যে ধরনের পরিবেশ তৈরি হয়েছে, তাতে মানুষের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে। সবাই শান্তি চায়, কিন্তু পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।”
 
প্রশাসনিক মহলের মতে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও বজায় রাখা জরুরি। ফলে একদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, অন্যদিকে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেদিকেও নজর রাখা হচ্ছে।বর্তমানে হাকিমপুর-সহ একাধিক সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তের উভয় পাশে প্রশাসনিক সক্রিয়তা বৃদ্ধির ফলে আগামী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
 
কাঁটাতারের বেড়া এখনও পুরোপুরি নির্মিত হয়নি, কিন্তু তার আগেই সীমান্তজুড়ে তৈরি হয়েছে মানসিক এক অদৃশ্য বেড়া—যার এক পাশে নিরাপত্তার প্রশ্ন, অন্য পাশে আশঙ্কা, ক্ষোভ এবং অনিশ্চয়তা। দুই বাংলার মানুষের দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগের মাঝখানে সেই বেড়ার ছায়া এখন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।