ফের বাংলাদেশে প্রকাশ্যে পিটিয়ে হিন্দু স্কুলশিক্ষককে খুন, দিনাজপুরে হত্যার অভিযোগে আটক ১
দিনাজপুর:
রাস্তা নিয়ে বিবাদ মেটাতে গিয়ে প্রকাশ্যে পিটিয়ে এক স্কুলশিক্ষককে হত্যার অভিযোগ উঠল বাংলাদেশে। নিহতের নাম মনোরঞ্জন রায় (৫৫)। তিনি পার্বতীপুর উপজেলার সুখদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে আসাদুজ্জামান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর গ্রামের বাসিন্দা। মোল্লাপাড়া গ্রামে মৃত আজিজুল মাস্টারের বাড়ি সংলগ্ন একটি রাস্তা নিয়ে আসাদুজ্জামানের পরিবারের সঙ্গে বিবাদ চলছিল। সেই বিরোধ মেটাতে রবিবার দুই পক্ষের মধ্যে বৈঠকের আয়োজন করা হয়। এলাকার পরিচিত ব্যক্তি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন মনোরঞ্জনবাবুও।
বৈঠক চলাকালীন রাস্তা ও জমির অধিকার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন ওই শিক্ষক। অভিযোগ, সেই সময়ই আসাদুজ্জামান ও তাঁর সঙ্গীরা লাঠি দিয়ে মনোরঞ্জন রায়ের উপর চড়াও হন। এলোপাথাড়ি মারধরে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, রবিবার দুপুর আড়াইটে নাগাদ জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
নিহত শিক্ষকের দেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।