হরমুজ প্রণালীতে ভারতীয় নাবিক বোঝাই ট্যাঙ্কারে হামলা, নিখোঁজ ১, আহত ২; নিন্দা ভারতের

Story by  Sudip sharma chowdhury | Posted by  Sudip sharma chowdhury • 15 h ago
হরমুজ প্রণালীতে ভারতীয় নাবিক বোঝাই ট্যাঙ্কারে হামলা, নিখোঁজ ১, আহত ২; নিন্দা ভারতের
হরমুজ প্রণালীতে ভারতীয় নাবিক বোঝাই ট্যাঙ্কারে হামলা, নিখোঁজ ১, আহত ২; নিন্দা ভারতের
 
নয়াদিল্লি: 

পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে ভারতীয় নাবিক বোঝাই একটি এলপিজি ট্যাঙ্কারে হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করল ভারত। পানামার পতাকাবাহী ‘এমটি তারা গ্যাস’ (MT Tara Gas) নামের জাহাজটির উপর ১৬ নভেম্বর হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাগরিকের মধ্যে ২১ জনকে নিরাপদে ওমানের খাসাব বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। আহত দুই ভারতীয় নাবিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও একজন ভারতীয় নাগরিকের খোঁজ মেলেনি। 

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর ধারাবাহিক হামলা বেসামরিক নাবিকদের নিরাপত্তার জন্য গুরুতর বিপদ তৈরি করছে। আন্তর্জাতিক জলপথে অবাধ ও নির্বিঘ্নে জাহাজ চলাচল এবং বাণিজ্য নিশ্চিত করার স্বার্থে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। আন্তর্জাতিক আইন মেনে জলপথে চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারেরও আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। 
 
ঘটনার পর থেকেই নিখোঁজ ভারতীয় নাবিকের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতির উপর নজর রাখছে। উদ্ধার হওয়া নাবিকদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতেও কাজ করছে দূতাবাস। উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানিয়েছে ভারত। 

 হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং নাবিকদের সেটি ছেড়ে বেরিয়ে আসতে হয়। ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, খাসাব উপকূলের কাছে জাহাজ থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে থাকা ২৪ জন নাবিককে উদ্ধার করা হয়। তবে ভারতীয় বিদেশ মন্ত্রকের পরবর্তী বিবৃতিতে ২৪ জন ভারতীয়ের মধ্যে একজনের নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে। 

এই ঘটনায় কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, জাহাজ পরিচালনাকারী সংস্থা এবং আঞ্চলিক উদ্ধারকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে। তবে মন্ত্রীর প্রাথমিক বক্তব্যে সব নাবিক নিরাপদে রয়েছেন বলে জানানো হলেও পরে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে একজন নিখোঁজ এবং দু’জন আহত হওয়ার বিষয়টি স্পষ্ট হয়। 

হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর একের পর এক হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক এই হামলা ফের প্রমাণ করল, আঞ্চলিক সংঘাতের প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, সমুদ্রে কর্মরত সাধারণ নাবিকদের জীবনও ক্রমশ ঝুঁকির মুখে পড়ছে।


শেহতীয়া খবৰ