শুধু মহিলা বলেই চাকরি নয়! IOC-কে ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 2 h ago
শুধু মহিলা বলেই চাকরি নয়! IOC-কে ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের
শুধু মহিলা বলেই চাকরি নয়! IOC-কে ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের
 
নয়াদিল্লি:
 
শুধুমাত্র মহিলা হওয়ার কারণে এলপিজি বটলিং প্ল্যান্টে চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে (IOC) তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। যোগ্য হওয়া সত্ত্বেও রিফিলিং হেল্পারের চাকরি না পাওয়া হরিয়ানার এক মহিলাকে ১২ লক্ষ টাকা এককালীন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি বিপুল এম. পঞ্চোলির বেঞ্চ প্রশ্ন তোলে, “শুধু মহিলা বলে তাঁকে নিয়োগ দেওয়া হল না? মহিলারা কি গ্যাস সিলিন্ডার তুলতে পারেন না?” আদালতের মতে, একজন মহিলাকে তাঁর লিঙ্গের কারণে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত করা তাঁর মর্যাদার প্রতি অসম্মান। বিশেষ করে এই ঘটনা একটি সরকারি সংস্থার সঙ্গে যুক্ত হওয়ায় বিষয়টি আরও গুরুতর বলে মন্তব্য করে আদালত।

মামলার নথি অনুযায়ী, হরিয়ানার গুধা গ্রামের বাসিন্দা সুমিত্রার নাম স্থানীয় প্রশাসনের ডেপুটি কমিশনারের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ করা ৪৯ জনের তালিকায় ছিল। তিনি এলপিজি বটলিং প্ল্যান্টে ক্যাজুয়াল খালাসি/পিওন/রিফিলিং হেল্পার পদে ইন্টারভিউ দেন। ওই তালিকার ৪৩ জন নিয়োগপত্র পেলেও সুমিত্রাকে নিয়োগ দেওয়া হয়নি।

পরে সুমিত্রা আদালতের দ্বারস্থ হন। ট্রায়াল কোর্টের পর্যবেক্ষণে উঠে আসে, তিনি নির্ধারিত যোগ্যতা পূরণ করেছিলেন এবং সাক্ষ্যের ভিত্তিতে তাঁকে মহিলা হওয়ার কারণেই নিয়োগ দেওয়া হয়নি বলে প্রমাণ পাওয়া যায়। যদিও পরবর্তী সময়ে প্রথম আপিল আদালত সেই সিদ্ধান্ত বদলে দেয় এবং পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টও ২০২৫ সালের ১৪ অক্টোবর তাঁর নিয়োগের দাবি খারিজ করে। হাইকোর্টের বক্তব্য ছিল, সুপারিশের তালিকায় নাম থাকা মানেই নিয়োগের আইনি অধিকার তৈরি হয় না।

সুপ্রিম কোর্টে IOC-র তরফে যুক্তি দেওয়া হয়, ৪৯ জনের তালিকাটি শুধুমাত্র সুপারিশ ছিল। সংস্থার আইনজীবী আরও জানান, রিফিলিং হেল্পারের কাজে ভারী এলপিজি সিলিন্ডার তোলা-বওয়া এবং রাতের শিফট রয়েছে। সেই কারণে কর্তৃপক্ষ ওই মহিলাকে কাজটির জন্য উপযুক্ত মনে করেনি বলে দাবি করা হয়।

এই যুক্তিতেই আপত্তি জানায় শীর্ষ আদালত। বিচারপতি অরবিন্দ কুমার বলেন, মহিলারা তাঁদের দৈনন্দিন জীবনেও গ্যাস সিলিন্ডার তোলেন ও বদলান। শুধুমাত্র লিঙ্গের ভিত্তিতে কোনও কাজ একজন মহিলার পক্ষে অসম্ভব বলে ধরে নেওয়া যায় না। আদালত এই ঘটনাকে ‘নারীত্বের অপমান’ বলেও উল্লেখ করে।

এদিকে দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্যে সুমিত্রা এখন অবসরের বয়সে পৌঁছে গিয়েছেন। ফলে এত বছর পর তাঁকে ওই চাকরিতে নিয়োগ করা আর বাস্তবসম্মত নয়। সেই কারণেই চাকরির পরিবর্তে এককালীন ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এই রায় কর্মক্ষেত্রে লিঙ্গের ভিত্তিতে যোগ্যতা বিচার করার প্রবণতা নিয়ে ফের গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। আদালতের পর্যবেক্ষণের মূল বিষয় হল—কোনও নির্দিষ্ট কাজ শারীরিকভাবে কঠিন হলেই শুধু নারী হওয়ার কারণে একজন যোগ্য প্রার্থীকে সুযোগ থেকে বঞ্চিত করা যায় না।


শেহতীয়া খবৰ