নাগাল্যান্ড ঃ
নাগাল্যান্ডের ফেক জেলার ভেসালু পুরো শখের বশে শুরু করেছিলেন ফুলচাষ। সেই ছোট উদ্যোগই আজ প্রায় দেড় হেক্টর জমিতে গড়ে উঠেছে বাণিজ্যিক ফুলের খামারে। বর্তমানে তাঁর খামারে রয়েছে প্রায় ৪০০ ধরনের ফুল এবং স্থায়ীভাবে কাজ করেন ছয়জন। ফুল নাগাল্যান্ডের বিভিন্ন এলাকায় বিক্রির পাশাপাশি দিল্লি ও মুম্বইয়েও পাঠানো হয়।
বাণিজ্যিক ফুলচাষের পথে ভেসালুকে সহায়তা করেছে সিএসআইআর-নর্থ ইস্ট ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আইসিএআর-কৃষি বিজ্ঞান কেন্দ্র, ফেক। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের প্রশিক্ষণ ও উন্নতমানের ফুলের চারা পাওয়ার পর তাঁর উদ্যোগে আসে বড় সাফল্য। মাত্র এক-চতুর্থাংশ একর জমিতে ৬,০০০ গ্ল্যাডিওলাস কন্দ রোপণ করে তিনি প্রায় ৫,৪০০টি বাজারযোগ্য ফুলের শলাকা উৎপাদন করেন।
বর্তমানে ফুল বিক্রির পাশাপাশি বিয়ের তোড়া, বিভিন্ন অনুষ্ঠানের সাজসজ্জা এবং ফুলচাষভিত্তিক পর্যটনও তাঁর ব্যবসার অংশ। শিক্ষার্থী, মহিলা ও গ্রামীণ তরুণদের ফুলচাষে উৎসাহিত করতে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচিও করেন ভেসালু।
শখ থেকে শুরু করে বিজ্ঞান, পরিশ্রম ও উদ্যোগের মাধ্যমে ফুলচাষকে লাভজনক জীবিকায় পরিণত করেছেন ভেসালু পুরো—নাগাল্যান্ডের গ্রামীণ অর্থনীতিতে তৈরি করেছেন এক অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত।