৩০০০ টাকা না পেয়ে রাস্তায় হিন্দু-মুসলিম মহিলারা! প্রাপ্য টাকা না পেলে কি হতে চলেছে, আগাম বলে দিলেন ক্ষুব্ধ মহিলারা

Story by  Tarun Nandi | Posted by  Aparna Das • 1 d ago
৩০০০ টাকা না পেয়ে রাস্তায় হিন্দু-মুসলিম মহিলারা! প্রাপ্য টাকা না পেলে কি হতে চলেছে, আগাম বলে দিলেন ক্ষুব্ধ মহিলারা
৩০০০ টাকা না পেয়ে রাস্তায় হিন্দু-মুসলিম মহিলারা! প্রাপ্য টাকা না পেলে কি হতে চলেছে, আগাম বলে দিলেন ক্ষুব্ধ মহিলারা
 
তরুণ নন্দী / কলকাতা 

অন্নপূর্ণা যোজনার প্রাপ্য ৩০০০ টাকা থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভে একহয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা। মালদহের চাঁচলে অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করা হল। অভিযোগ, দীর্ঘক্ষণ প্রশাসনিক দরজায় চক্কর কেটেও কোনো সুরাহা না মেলায় শেষমেশ ক্ষোভের আগুন গিয়ে পড়ে রাজপথে। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের বঞ্চিত মহিলাদের এই প্রতিবাদে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে যায়।

অভিযোগের তির সরাসরি স্থানীয় প্রশাসনের দিকে। মহিলাদের অভিযোগ, চলতি মাসের ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা প্রকল্পের ৩০০০ টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছানোর কথা থাকলেও, চাঁচলের বহু মহিলা সেই টাকা পাননি। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি খরচ সামলাতে নাভিশ্বাস উঠছে সিংহভাগ পরিবারের। সেই খরচ সামলাতে সরকারের এই নিশ্চিত আর্থিক সাহায্যের আশায় প্রহর গুনছিলেন ভাতা পাওয়ার যোগ্য মহিলারা। কিন্তু অ্যাকাউন্টে টাকা না ঢোকায় বিভ্রান্ত হয়ে পড়েন তাঁরা। বারবার বিডিও অফিসের দরজায় কড়া নেড়েও কোনো জবাব না পেয়ে মহিলারা ক্ষোভে ফেটে পড়েন।
 

অভিযোগ, শুক্রবার সকালে বিডিওর সঙ্গে দেখা করতে এসে শূন্য হাতে ফিরতে হয় মহিলাদের। বিডিও দফতরে আধিকারিক না থাকায় শেষমেষ ধৈর্য হারিয়ে রাস্তা অবরোধের পথ বেছে নেন ক্ষুব্ধ মহিলারা। দলমত ও ধর্মীয় পরিচয় ভুলে ক্ষুব্ধ হিন্দু ও মুসলিম মহিলারা একজোটে নেতাজি মোড় সংলগ্ন জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ করে বসে পড়েন। হাতে প্ল্যাকার্ড আর কণ্ঠে শ্লোগান তুলে পথ আটকে প্রতিবাদ করতে থাকেন তাঁরা।
 
বিক্ষোভকারী মহিলাদের স্পষ্ট বক্তব্য, পেটের দায়ে আর সংসার চালানোর তাগিদে আমরা আজ রাজপথে নামতে বাধ্য হয়েছি। ধর্ম দিয়ে পেটের খিদে বিচার হয় না, আর অভাবের কোনো জাত হয় না। অবিলম্বে আমাদের প্রাপ্য ৩০০০ টাকা অ্যাকাউন্টে জমা করতে হবে। হঠাৎ করেই মহিলাদের এই রাস্তা অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে চাঁচলের মূল যোগাযোগ ব্যবস্থা। রাস্তাতেই আটকে পড়ে চলন্ত দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো। বিক্ষোভের মুখে পড়ে চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ পথচারীরা।
 
৩০০০ টাকা পাওয়া থেকে বঞ্চিত উপভোক্তারা প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে সাফ হুঁশিয়ারি দিয়েছে বলেছেন, যদি দ্রুত এই প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাঠানো হয়, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। এখন দেখার বিষয়, আগামীতে প্রাপ্য টাকা আদৌ যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ঢোকে কিনা।