সন্তানের হাত ধরে মায়ের নতুন স্বপ্ন! থাইল্যান্ডে তিরঙ্গা ওড়াতে একইমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন নদিয়ার ‘মা-ছেলে’ জুটি
Story by Tarun Nandi | Posted by Aparna Das • 1 d ago
সন্তানের হাত ধরে মায়ের নতুন স্বপ্ন! থাইল্যান্ডে তিরঙ্গা ওড়াতে একইমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন নদিয়ার ‘মা-ছেলে’ জুটি
তরুণ নন্দী / কলকাতা
সন্তানকে যোগাসন ক্লাসে নিয়ে যেতে যেতেই হয়েছিল ভালোলাগা। হাতেখড়ি হয় যোগাসনের। কঠোর অনুশীলনের পর এবার বিশ্বের মঞ্চে দাগ কাটতে চলেছে মা-ছেলের জুটি। তারা কি পারবেন থাইল্যান্ডে ভারতের তিরঙ্গা ওড়াতে, সেই আশায় এখন তাকিয়ে পরিবার সহ গোটা নদিয়াবাসী। সন্তানের প্রথম পৃথিবী, আর প্রথম শিক্ষার পাঠ হয় মায়ের কোলে থেকেই। এবার ছোট সন্তানই হাত ধরে মায়ের জন্য খুলে দিল এক নতুন আকাশ। নদিয়ার শান্তিপুরের এই ঘটনা তুলে ধরল সন্তান আর মায়ের আত্মিক বন্ধনের।
পরিবার সূত্রে খবর, তৃতীয় শ্রেণির পড়ুয়া স্বর্ণক বিশ্বাসকে যোগাসনের ক্লাসে নিয়ে যান মা পপি বিশ্বাস। যোগাসনের ম্যাটের ওপর ছেলের প্রতিটি কঠিন ভঙ্গি দেখে মায়ের মনেও ইচ্ছে জাগে। বলা ভালো, যোগাসনের পরিবেশ সামনে থেকে দেখে পপিদেবীর মনের ভেতরেও এক সুপ্ত আগুন জ্বলে উঠেছিল। ছেলের শিক্ষা দেখে মাও অনুপ্রাণিত হচ্ছিলেন।
অবশেষে সন্তানকে পথ দেখাতে গিয়ে মা নিজেই নেমে পড়লেন লড়াইয়ের ময়দানে। ব্যাস শুরু হয়ে গেল নতুন সফরে এগিয়ে যাওয়া। রান্নাঘর আর সংসারের সব ঝক্কি সামলে ছেলের সঙ্গে সঙ্গে নিজেকেও প্রস্তুত করেছেন পপিদেবী। এরপর মা-ছেলে জুটি বেধে নেমেছেন বহু জায়গায় অংশগ্রহণ করতে। জেলা থেকে রাজ্য, প্রতিটি মঞ্চে দুজনে মিলে যে প্রতিভা দেখিয়েছেন তা এক ইতিহাস তৈরি হয়েছে।
আজ তাঁদের স্বপ্নের সীমানা দেশের মধ্যে আটকে নেই। স্বপ্ন এখন বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের নাম খোদাই করে দেশের পতাকা ওড়ানো। থাইল্যান্ডের বুকে ‘এশিয়া প্যাসিফিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে’ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই 'মা-ছেলে'। একই জাতীয় দলের জার্সিতে, একই মঞ্চে যোগাসন দেখাবেন দুজনে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে।
স্বর্ণক বিশ্বাস ও মা পপি বিশ্বাস
অনেকেই বলছেন, এই সন্তান একেবারে মায়ের ভেতরের সুপ্ত প্রতিভাকেও জাগিয়ে তুলেছে। নদিয়ার এই মা-ছেলের সুপারহিট জুটি যেন বুঝিয়ে দিল স্বপ্ন দেখার কোনো বয়স হয় না। এবার ছোট্ট স্বর্নকের জেতার আসল আনন্দ বোধহয় লুকিয়ে রয়েছে মায়ের সঙ্গে শীর্ষে পৌঁছানোর সেই মুহুর্তে পৌঁছানোর মধ্যে। মা-ছেলের সাফল্য দেখতে এখন থেকেই অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী।