মহালয়ায় ইডেনে মোদির মেগা শো, টাইমস স্কোয়ার থেকে বুর্জ খলিফায় ছড়াবে বাংলার দুর্গাপুজোর বার্তা!

Story by  atv | Posted by  Aparna Das • 5 h ago
মহালয়ায় ইডেনে মোদির মেগা শো, টাইমস স্কোয়ার থেকে বুর্জ খলিফায় ছড়াবে বাংলার দুর্গাপুজোর বার্তা!
মহালয়ায় ইডেনে মোদির মেগা শো, টাইমস স্কোয়ার থেকে বুর্জ খলিফায় ছড়াবে বাংলার দুর্গাপুজোর বার্তা!
 
কলকাতা

ইউনেস্কোর স্বীকৃতি অনেক আগেই মিলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। এবার সেই উৎসবকে আরও বৃহত্তর আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার পরিকল্পনা রাজ্য সরকারের। সরকার পরিবর্তনের পর রাজ্যে প্রথম দুর্গোৎসবেই মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে হতে চলেছে বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের প্রচার ও ক্লিপিংস ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিদেশের তিন গুরুত্বপূর্ণ স্থানে, আমেরিকার টাইমস স্কোয়ার, ইংল্যান্ডের পিকাডিলি সার্কাস এবং দুবাইয়ের বুর্জ খলিফায়।
 
আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সূত্রের খবর, অনুষ্ঠানে প্রায় দেড় ঘণ্টা থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইডেনে পৌঁছনোর আগে তাঁদের রোডশো করারও কথা রয়েছে। মাঠে প্রবেশের সময় উলুধ্বনির মাধ্যমে তাঁদের বরণ করে নেওয়া হবে।
 
বিকেল ৫টা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে থাকছে একাধিক পরিচিত শিল্পীর পরিবেশনা। অংশ নেবেন শান্তনু মৈত্র, শান, অন্তরা মিত্র, দেবর্ষি ভট্টাচার্য, কৌশিকী চক্রবর্তী এবং বাংলা ব্যান্ড দোহার। অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে লগ্নজিতারও। পাশাপাশি প্রায় তিন হাজার ঢাকির বিশেষ পারফরম্যান্স থাকবে।
 
শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, থাকছে আরও একাধিক আকর্ষণ। সূত্রের খবর, গলফ কার্টে ইডেনের মাঠ প্রদক্ষিণ করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কয়েকটি দুর্গাপুজোর উদ্বোধনও করবেন তিনি। অনুষ্ঠানের শেষে থাকছে ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
 
প্রায় ৩৫ হাজার দর্শকের বসার ব্যবস্থা রাখা হচ্ছে ইডেনে। তাঁদের মধ্যে প্রায় আড়াই হাজার ভিআইপি থাকবেন বলে জানা যাচ্ছে।
 
তবে ইডেনের অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকছে না মহালয়ার আয়োজন। মহালয়ার ভোরে কলকাতা ও হাওড়ার গুরুত্বপূর্ণ ঘাটগুলিতে মাইকে বাজানো হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে কালজয়ী ‘মহিষাসুরমর্দিনী’। এই আয়োজন করছে রাজ্য সরকার।
 
ইডেনের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি নিয়ে সিএবি-র সঙ্গেও বৈঠক করেছেন সরকারি আধিকারিকরা। বৈঠক শেষে সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস বলেন, “আমরা আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছি। সামর্থ্য অনুযায়ী সবরকম সাহায্য করব।”
 
সব মিলিয়ে এবারের দুর্গোৎসবকে শুধু রাজ্য বা দেশের গণ্ডিতে নয়, আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার লক্ষ্যেই মহালয়ার দিন ইডেনকে কেন্দ্র করে এই বিশেষ আয়োজন বলে জানা যাচ্ছে।


শেহতীয়া খবৰ