গঙ্গার প্রবল স্রোতে তলিয়ে যাওয়া ১০ বাংলাদেশিকে বাঁচাল BSF জওয়ানরা, মালদার সীমান্তে জয়ী হলো শুধু ‘মানুষ’ পরিচয়

Story by  Tarun Nandi | Posted by  Aparna Das • 1 d ago
গঙ্গার প্রবল স্রোতে তলিয়ে যাওয়া ১০ বাংলাদেশিকে বাঁচাল BSF জওয়ানরা, মালদার সীমান্তে জয়ী হলো শুধু ‘মানুষ’ পরিচয়
গঙ্গার প্রবল স্রোতে তলিয়ে যাওয়া ১০ বাংলাদেশিকে বাঁচাল BSF জওয়ানরা, মালদার সীমান্তে জয়ী হলো শুধু ‘মানুষ’ পরিচয়
 
তরুণ নন্দী, কলকাতা

সীমান্ত সুরক্ষায় কড়া নজরদারি থাকে তাঁদের। অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল BSF জওয়ানরা। মালদার খাণ্ডুয়া সীমান্ত চৌকি এলাকায় গঙ্গার প্রবল স্রোতে ভেসে যাওয়া ১০ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করল বিএসএফ। এই উদ্ধার হওয়া বাংলাদেশীদের দলে ছিলেন চার জন পুরুষ, তিন জন মহিলা এবং তিন জন শিশু।
 
সূত্রের খবর, কর্তব্যরত অবস্থায় সীমান্তে নজরদারির সময় বিএসএফের ৭১ ব্যাটালিয়নের জওয়ানরা খাণ্ডুয়া সীমান্ত চৌকি সংলগ্ন গঙ্গা নদীর ধারে কয়েকজনকে ভেসে যেতে দেখেন। আর দেরি না করে মুহূর্তের মধ্যে পরিস্থিতি বুঝে স্রোত উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে জলে নেমে পড়েন জওয়ানরা। নদীর প্রবল স্রোতের সঙ্গে একপ্রকার যুদ্ধ করে বাংলাদেশি ১০ জনকেই অক্ষত অবস্থায় তীরে ফিরিয়ে আনতে সক্ষম ভারতীয় জওয়ানেরা।
 
গঙ্গার প্রবল স্রোতে তলিয়ে যাওয়া ১০ বাংলাদেশিকে বাঁচাল BSF জওয়ানরা
 
জানা গেছে, উদ্ধার হওয়া সেইসব মানুষদের মধ্যে ছিল মাত্র ৩০ দিনের একটি শিশু। নদীর ঠাণ্ডা জল আর স্রোতের মধ্যে পড়ে শিশুটির শারীরিক অবস্থা সংকটাজনক হওয়ায় বিএসএফ জওয়ানরা দ্রুত স্থানীয় সরকারি হাসপাতালে স্থানান্তরিত করেন। সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা দিতেই শিশুটি দ্রুত সুস্থ হয়ে ওঠে।
 
অবস্থা স্থিতিশীল হতেই পরে শিশুটিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। উদ্ধারকার্য সম্পন্ন সতেই প্রত্যেকে প্রাণে বেঁচে যান। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে বিএসএফের পক্ষ থেকে ওই ১০ জন বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-এর হাতে তাঁদেরকে তুলে দেওয়া হয়।
 
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখতে জওয়ানদের তৎপরতা নিয়ে কোন প্রশংসাই যথেষ্ট নয়। কিন্তু এদিন তাঁরা যে মানবিক দৃষ্টান্ত তুলে ধরলেন তা দুদেশের সম্পর্কের দিককে আরও মজবুত করল। বলা ভালো, বিএসএফের এই সময়োপযোগী মানবিক পদক্ষেপ এখন প্রশংসিত হচ্ছে ভারত বাংলাদেশ দুই দেশেই।