হাড়োয়ায় গণেশ আরাধনায় সম্প্রীতির অনন্য ছবি! উৎসবের রঙে মিলে গেলেন হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ

Story by  Tarun Nandi | Posted by  Aparna Das • 4 h ago
হাড়োয়ায় গণেশ আরাধনায় সম্প্রীতির অনন্য ছবি! উৎসবের রঙে মিলে গেলেন হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ
হাড়োয়ায় গণেশ আরাধনায় সম্প্রীতির অনন্য ছবি! উৎসবের রঙে মিলে গেলেন হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ

তরুণ নন্দী, কলকাতা

ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা যেন বারবার প্রমাণ করে বসিরহাটের হাড়োয়া। ধর্মীয় সীমানা পেরিয়ে উৎসবকে ঘিরে মানুষের মধ্যে যেন মিলনের সেতু গড়ে উঠল। গণেশ চতুর্থীতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের অংশগ্রহণে হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের কালিতলা মাঠ প্রাঙ্গণে পালিত হলো অষ্টম বর্ষের গণেশ পুজো। হাড়োয়ার মানুষ প্রমাণ করলেন, ধর্মীয় পরিচয় সরিয়ে রেখে আন্তরিকতা নিয়ে এগিয়ে এলে উৎসবের আনন্দ সবার মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়া যায়।
গনেশ পুজোয় সকাল থেকেই স্থানীয় পুরুষ, মহিলা ও বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতিতে জমজমাট ছিল গোটা এলাকা। তবে সবকিছু ছাড়িয়ে এই গনেশ পুজোর আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
 
হাড়োয়ায় আয়োজিত গণেশ উৎসবের একটি দৃশ্য
 
ভেদাভেদের উর্ব্ধে উঠে গ্রামের মানুষ যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে উৎসবে মেতে উঠলেন তা সম্প্রীতির সবচেয়ে বড় দৃষ্টান্ত বলা যেতে পারে। পুজো শেষে সকলেই আনন্দের সঙ্গে হাতে তুলে নিলেন প্রসাদ। 
 
এলাকার এই গনেশ পুজোয় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ও সমাজের নানান ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন রাজ্য বিজেপির প্রদেশ মেম্বার সুসেন বৈদ্য, বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সম্পাদক প্রতীক আইচ, এবং হাড়োয়া ১ নম্বর মণ্ডল বিজেপির ভাইস প্রেসিডেন্ট পার্থ চ্যাটার্জি।
 
এছাড়া উপস্থিত ছিলেন সংখ্যালঘু নেতা রেজাউল মোল্লা, ডাক্তার সুরাজ মন্ডল, ছোট্ট লস্কর, তন্ময় দেবনাথ, তারক হাজরা, বিজয় মালি, রাজু পারুই, মনোজ বিশ্বাস ও অনুপ বিশ্বাস। পুজো সফল করতে বিশেষ ভূমিকা পালন করেন কমিটির সদস্য সৌমেন দাস, মিঠুন দাস, ভাস্কর দাস, সুজয় মালি, ভাগ্যধর মণ্ডল ও ভাস্কর মণ্ডলসহ অন্যান্যরা।
 
হাড়োয়ায় আয়োজিত গণেশ উৎসবের একটি দৃশ্য
 
এদিন পুজোয় অংশ নিয়ে রেজাউল মোল্লা বললেন, গনেশ পুজোয় আমরা হিন্দু-মুসলিম সকলে মিলে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। আমরা এভাবে সকলে মিলেমিশে আগামীদিনেও যাতে থাকতে পারি সেই কামনা করব।
 
মানুষের মধ্যে যদি একতা বোধ থাকে তবে  কীভাবে উৎসবের আনন্দ মানুষের মন থেকে সমস্ত বিভেদ মুছে দিতে পারে তা হাড়োয়ার এই গণেশ পুজো দেখিয়ে দিল। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি হাড়োয়া একতার এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরল গনেশ পুজোতে। যা গোটা বাংলায় উদাহরণ তৈরি করে দিল।