কাশ্মীরের প্রত্যন্ত গ্রাম থেকে মহাকাশের স্বপ্নপূরণ! NASA-র সঙ্গে চন্দ্রযান প্রকল্পে কাজ, ২৪ বছরেই আন্তর্জাতিক স্বীকৃতি সাদিক আলি মীরের

Story by  atv | Posted by  Aparna Das • 1 h ago
সাদিক আলি মীর
সাদিক আলি মীর
 
এহসান ফাজিলি / শ্রীনগর

কাশ্মীরের এক ছোট্ট গ্রাম লাবেরতাল থেকে আন্তর্জাতিক মহাকাশ গবেষণার মঞ্চে জায়গা করে নেওয়া, ২৪ বছরের সাদিক আলি মীরের এই সাফল্যের পিছনে রয়েছে ছোটবেলার এক স্বপ্ন। শৈশব থেকেই আকাশ ও মহাকাশের প্রতি প্রবল আকর্ষণ তাঁকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের পথে এগিয়ে নিয়ে যায়। দীর্ঘদিনের পড়াশোনা, প্রশিক্ষণ ও গবেষণার অভিজ্ঞতায় নিজেকে গড়ে তুলে আজ তিনি এক জন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার ও উদ্যোগপতি। এবার তাঁর লক্ষ্য স্বয়ংক্রিয় উড়োজাহাজ তৈরি থেকে শুরু করে মহাকাশ অনুসন্ধানের নতুন দিগন্ত উন্মোচন।

মাত্র ২৪ বছর বয়সি সাদিক আলি মীর ২০২৬ সালের ১২ অক্টোবর ন্যাশনাল স্পেস সোসাইটি (NSS)-এর প্রথম ‘৩০ আন্ডার ৩০ ক্লাস অফ ২০২৬’-এ জায়গা করে নেন। মহাকাশ অনুসন্ধান, উন্নয়ন এবং মহাকাশে মানবসভ্যতার ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখা ৩০ জন উদীয়মান পেশাদারকে স্বীকৃতি দিতেই এই তালিকা তৈরি করা হয়েছে।
 
সাদিক আলি মীর
 
এই স্বীকৃতি সম্পর্কে সাদিক আলি "আওয়াজ দ্য ভয়েস"-কে বলেন, “ন্যাশনাল স্পেস সোসাইটির প্রথম ‘৩০ আন্ডার ৩০ ক্লাস অফ ২০২৬’-এ নির্বাচিত হওয়া আমার জীবনের যাত্রাপথে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাইলফলক। NSS একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থা, যারা মহাকাশ অনুসন্ধান, উন্নয়ন এবং মহাকাশযাত্রী সভ্যতা হিসেবে মানবজাতির ভবিষ্যৎ গড়ে তোলার পক্ষে কাজ করে।” তিনি আরও বলেন, “এটি একই সঙ্গে সম্মান ও দায়িত্বের বিষয়। এই প্রথম তালিকায় জম্মু ও কাশ্মীর এবং ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।”
 
তাঁর কথায়, “জীবনের শুরুটা কখনও স্বপ্নের সীমানা নির্ধারণ করে দিতে পারে না। বড় শহরে জন্মাতে হবে কিংবা শুরু থেকেই সমস্ত সুযোগ-সুবিধা পেতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। বড় স্বপ্ন পূরণের জন্য এগুলি অপরিহার্য নয়।” তিনি আশা প্রকাশ করেন, কাশ্মীর কিংবা ভারতের অন্য কোনও প্রান্তের কোনও তরুণ পড়ুয়া তাঁর এই সাফল্য দেখে অনুপ্রাণিত হবে এবং বিশ্বাস করবে যে তারাও বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশে মানবজাতির ভবিষ্যৎ গঠনে অবদান রাখতে পারে।
 
নিজের এই সাফল্যের যাত্রাপথ সম্পর্কে সাদিক আলি জানান, তাঁর স্বপ্নের শুরু স্কুলজীবনের সপ্তম শ্রেণিতে। সেই সময় কাশ্মীরের শীতের আকাশে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে চলাচল করতে দেখেছিলেন তিনি। দশম শ্রেণিতে পড়ার সময়ই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নেন। বেঙ্গালুরুর রাষ্ট্রীয় বিদ্যালয় (RV) কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সময় বন্ধু সুহানা আরশ, ঋষিকা বন্দ্যোপাধ্যায়, তুষার মঙ্গিয়া এবং বৈভবী মোকাশির সঙ্গে যৌথভাবে ‘টিম অ্যারোঅ্যাস্ট্রো’ প্রতিষ্ঠা করেন। একসঙ্গে তাঁরা eVTOL উড়োজাহাজের বিভিন্ন ধারণা এবং মহাকাশ-সম্পর্কিত প্রকল্প নিয়ে কাজ করেন। তাঁদের তৈরি একটি উড়োজাহাজ প্রকল্প বোয়িংয়ের সামনে উপস্থাপনের সুযোগও পেয়েছিলেন তাঁরা।
 
সাদিক আলি মীর
 
পরবর্তী সময়ে তিনি মিলো স্পেস সায়েন্স ইনস্টিটিউট, NASA এবং অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সির সঙ্গে যুক্ত একটি আন্তর্জাতিক মহাকাশ কর্মী-উন্নয়ন কর্মসূচিতে যোগ দেন। সেখানে ICEFOX চন্দ্রযান রোভার তৈরির প্রকল্পে লিড সিস্টেমস ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। স্নাতক হওয়ার পর IIT রুরকিতে চালকবিহীন আকাশযান বা UAV তৈরির মতো গবেষণামূলক প্রকল্পের মাধ্যমে নিজের ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করেন। পাশাপাশি, ২০৩০ সালের প্রস্তাবিত মহাকাশ অভিযানের জন্য টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে মহাকাশচারী-প্রার্থী প্রশিক্ষণের প্রথম পর্যায়ও শুরু করেন। নিজের মেন্টরদের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেন ‘জেফাইরা ডায়নামিক্স’।
 
সাদিক আলি মীরের কথায়, “প্রযুক্তিগত কাজ, গবেষণা, নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এবং উদ্যোগপতি হিসেবে কাজ করার সুযোগ, এই সবকিছুর সমন্বয়ই আমাকে আজকের এই স্বীকৃতির জায়গায় পৌঁছে দিয়েছে।”
 
মহাকাশ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, এই ক্ষেত্রের সঙ্গে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, প্রপালশন, ইলেকট্রনিক্স, সফটওয়্যার এবং সিস্টেমস ইঞ্জিনিয়ারিংয়ের মতো একাধিক বিষয় জড়িত। এই প্রযুক্তিগুলির সাহায্যেই পৃথিবীর বাইরের জগৎ অনুসন্ধান করা সম্ভব হয়। তাঁর কথায়, “মহাকাশ প্রযুক্তি মানেই শুধু রকেট বা মহাকাশচারী নয়। এর মধ্যে রয়েছে উপগ্রহ, চন্দ্রপৃষ্ঠে চলাচলকারী রোভার, নেভিগেশন, যোগাযোগ ব্যবস্থা এবং মহাকাশে মানুষের বসবাস ও কাজের উপযোগী প্রযুক্তি।”
 
সাদিক আলি মীর
 
কেন এই ক্ষেত্রকে নিজের পেশা হিসেবে বেছে নিলেন, তার ব্যাখ্যায় সাদিক বলেন, ছোটবেলায় পৃথিবীর কক্ষপথে একটি মানবনির্মিত গবেষণাগারকে ঘুরতে দেখে তাঁর মনে কৌতূহল তৈরি হয়েছিল। কীভাবে এমন অসাধারণ প্রযুক্তি তৈরি, নকশা ও পরিচালনা করা হয়, তা জানার আগ্রহ থেকেই তাঁর এই পথচলা শুরু। স্নাতক স্তরে পড়াশোনার সময় সেই কৌতূহল বাস্তব কাজের অভিজ্ঞতায় পরিণত হয়। উড়োজাহাজের নকশা তৈরি, পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপণযানের ধারণা এবং চন্দ্রপৃষ্ঠে চলাচলকারী রোভার তৈরির মতো প্রকল্পে কাজ করার সুযোগ পান তিনি।
 
নিজের এই আগ্রহের বিষয়ে মীর জানান, তাঁর মূল প্রেরণা ছিল কৌতূহল। ধীরে ধীরে সেই কৌতূহল এমন কিছু তৈরি করার ইচ্ছায় পরিণত হয়, যা মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে। অ্যারোডাইনামিক্স, কাঠামোগত নকশা, প্রপালশন, কন্ট্রোল সিস্টেম এবং সফটওয়্যারকে একত্রিত করে কঠিন পরিবেশে কাজ করতে সক্ষম জটিল যন্ত্র তৈরি করার চ্যালেঞ্জ তাঁকে আকৃষ্ট করেছে। ICEFOX প্রকল্পে কাজ করতে গিয়ে তিনি উপলব্ধি করেন, একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে কতগুলি আলাদা প্রযুক্তিগত ক্ষেত্রের সমন্বয় প্রয়োজন। তাঁর কথায়, “বাডগামের লাবেরতাল গ্রামের বাসিন্দা হওয়ায় অন্যদের জন্য সুযোগ তৈরি করার একটা গভীর তাগিদও আমার মধ্যে কাজ করে।”
 
স্নাতক হওয়ার পর আমেরিকার একাধিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার সুযোগ এবং বিভিন্ন সংস্থায় চাকরির প্রস্তাব পেয়েছিলেন সাদিক। কিন্তু সেই সুযোগগুলি গ্রহণ না করে তিনি জেফাইরা ডায়নামিক্সের কাজ চালিয়ে যাওয়ার এবং ভারতে নগরভিত্তিক আকাশপথে পরিবহণ ব্যবস্থা বা আরবান এয়ার মোবিলিটির ভবিষ্যৎ গড়ে তোলার সিদ্ধান্ত নেন। আওয়াজ দ্য ভয়েসকে তিনি বলেন, “আমরা Kestrel X2 নামে একটি স্বয়ংক্রিয় eVTOL উড়োজাহাজ এবং LAMINAR নামে একটি আরবান এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করছি। আমার বৃহত্তর লক্ষ্য হল, উচ্চাকাঙ্ক্ষী ভাবনাগুলিকে বাস্তব, নির্ভরযোগ্য এবং ভারতে তৈরি প্রযুক্তিতে রূপান্তরিত করা।”
 
সাদিক আলি মীর
 
নিজের পেশাগত অভিজ্ঞতা সম্পর্কে সাদিক জানান, এই যাত্রা তাঁকে শিখিয়েছে যে উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে শৃঙ্খলা, প্রযুক্তিগত দক্ষতা এবং নিয়মিত নতুন কিছু শেখার মানসিকতা থাকা অত্যন্ত জরুরি। IIT রুরকিতে গবেষণার কাজ তাঁকে বাস্তব ইঞ্জিনিয়ারিং সমস্যার মুখোমুখি করেছে এবং পরীক্ষা-নিরীক্ষা, প্রযুক্তির যথার্থতা যাচাই ও সামগ্রিক ব্যবস্থার কার্যকারিতা বোঝার গুরুত্ব শিখিয়েছে। অন্যদিকে, মহাকাশচারী-প্রার্থী হিসেবে প্রশিক্ষণ তাঁকে ব্যক্তিগত ও পেশাগত, দুই দিক থেকেই গড়ে তুলছে। এই প্রশিক্ষণ থেকে তিনি প্রস্তুতি, ধারাবাহিকতা, দলগত কাজ এবং দায়িত্ববোধের গুরুত্ব উপলব্ধি করছেন।
 
২০০৩ সালে মধ্য কাশ্মীরের বাডগাম জেলার সোইবুগ এলাকার লাবেরতাল গ্রামে জন্ম সাদিক আলি মীরের। নিজের এই সাফল্যের পিছনে পরিবারের অবদানকে বিশেষ গুরুত্ব দেন তিনি। বাবা মহম্মদ জাফর মীর, মা জারিনা, বন্ধু, শিক্ষক এবং মেন্টরদের সহযোগিতা তাঁর পথচলাকে অনেক সহজ করেছে। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর ২০২১ সালে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার জন্য বেঙ্গালুরুর RV কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন তিনি। ২০২৫ সালে স্নাতক হওয়ার সময় নিজের বিভাগ ও ব্যাচের ‘বেস্ট আউটগোয়িং স্টুডেন্ট’ নির্বাচিত হন সাদিক। জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্ত সম্পর্কে তাঁর বক্তব্য, “এই সাফল্য আমার পরিবারের, শিক্ষকদের এবং যাঁরা প্রতিটি পদক্ষেপে আমাকে সহযোগিতা করেছেন, তাঁদের সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই।”