বয়স মাত্র ১৪! কুরআনের সুরে দেশজয়, উত্তরপ্রদেশে প্রথম হয়ে বাংলার মুখ উজ্জ্বল করল চাপড়ার হাফেজ আতিফ শেখ

Story by  Tarun Nandi | Posted by  Aparna Das • 32 m ago
বয়স মাত্র ১৪! কুরআনের সুরে দেশজয়, উত্তরপ্রদেশে প্রথম হয়ে বাংলার মুখ উজ্জ্বল করল চাপড়ার হাফেজ আতিফ শেখ
বয়স মাত্র ১৪! কুরআনের সুরে দেশজয়, উত্তরপ্রদেশে প্রথম হয়ে বাংলার মুখ উজ্জ্বল করল চাপড়ার হাফেজ আতিফ শেখ
 
তরুণ নন্দী / কলকাতা

সাফল্য কখনও একদিনে আসে না। সাফল্য পেতে গেলে নিজেকে প্রতিদিন একটু একটু করে তৈরি করতে হয়। যা করে দেখাল নদিয়ার চাপড়ার ১৪ বছরের কিশোর হাফেজ আতিফ শেখ। উত্তরপ্রদেশে আয়োজিত সর্বভারতীয় কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আজ শুধু নদিয়া নয়, হয়ে উঠেছে গোটা বাংলার গর্ব।
 
১৪ বয়সে কৈশোরের টানে অনেকেই খেলাধুলার আনন্দে মেতে থাকে। কিন্তু এই বয়সেই নিজের লক্ষ্যকে সামনে রেখে কুরআন চর্চায় মগ্ন থেকে কঠোর অধ্যবসায়ের পরিচয় দিয়েছে আতিফ শেখ। তার এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘদিনের প্রস্তুতি। নিয়মিত কুরআন পাঠ করেছে। প্রতি মুহুর্তে নিজের দক্ষতাকে আরও নিখুঁত করে তোলার চেষ্টা সে। আর প্রতিদিনের এই সাধনাই ধীরে ধীরে তাকে তৈরি করেছে বড় মঞ্চে অংশগ্রহণের জন্য।
 

শুধু পড়ে যাওয়া নয়, শেখা বিষয়কে নিখুঁতভাবে আয়ত্ত করে আতিফ নিজেকে প্রতিযোগিতার উপযোগী করে তুলেছে। তার এই প্রস্তুতির পথে শিক্ষকদের পরামর্শও ছিল তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। যা ১৪ বছরের আতিফকে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। পরিবারের সমর্থনও তার এগিয়ে চলার অন্যতম প্রেরণা জুগিয়েছে।
 
উত্তরপ্রদেশে আয়োজিত সর্বভারতীয় কুরআন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেন। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও নিজের প্রতিভার জোরে সবাইকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করে আতিফ শেখ। বলা ভালো, তার এই সাফল্য নিয়মিত পরিশ্রমের স্বীকৃতি। প্রতিনিয়ত অধ্যবসায়ের সৌজন্যে জাতীয় মঞ্চে নিজের নামকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এই মেধাবী ছাত্রটি।
 
হাফেজ আতিফ শেখ
 
নদিয়া জেলার চাপড়া থানার সীমান্তবর্তী বেদবেড়িয়া মাদ্রাসার এই ছাত্রের সাফল্যে আনন্দের ঢেউ পরিবার থেকে শুরু করে গোটা এলাকায়। আতিফের এই প্রথম হওয়ার খবরে গর্বিত শিক্ষক থেকে তার সহপাঠীরা। কারণ, তাদেরই সঙ্গে থাকা এই সহপাঠী আজ জাতীয় স্তরে নিজের পরিচিতি তৈরি করেছে। আতিফের এই কৃতিত্ব প্রমান করেছে, সঠিক শিক্ষা আর নিয়মিত অনুশীলন থাকলে প্রত্যন্ত এলাকার পড়ুয়াও জাতীয় মঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে।
 
চাপড়ার বেদবেড়িয়া থেকে উত্তরপ্রদেশের জাতীয় মঞ্চ, ১৪ বছরের আতিফের এই যাত্রা বহু পড়ুয়ার কাছে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করেন শিক্ষামহল। আতিফকে ঘিরে আগামী দিনে আরও বড় সাফল্যের স্বপ্ন দেখছে গোটা এলাকাবাসী। দেশের মধ্যে নদিয়ার এই ছেলে প্রথম হওয়ার খবর শোনামাত্রই আবেগে আপ্লুত হন পরিবার থেকে প্রতিবেশীরা। এরপর যখন সেরার শিরোপা জিতে গ্রামে পা রাখতেই আতিফকে সম্বর্ধনা দিতে গোটা গ্রাম এক হয়ে ময়দানে নামল। ঘরের ছেলের এই কৃতিত্ব এখন এলাকার সবচেয়ে আলোচ্য বিষয়।