নয়া দিল্লি
আজ আইপিএলের ফাইনাল। শিরোপা জয়ের লক্ষ্যে ২২ গজে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলই এর আগে একবার করে আইপিএলের খেতাব জিতেছে।
আজ উভয় দলের সামনেই রয়েছে আবারও শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ। তবে ট্রফি জয়ের দাবিদার দুই দলই হলেও পরিসংখ্যানের বিচারে কিছুটা এগিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কারণ, টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ও ধারাবাহিক পারফরম্যান্স করে ফাইনালে পৌঁছেছে দলটি।
প্রথম প্লে-অফে গুজরাটকে অনায়াসে পরাজিত করে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল রজত পাটিদারের নেতৃত্বাধীন বেঙ্গালুরু। অন্যদিকে সেই হারের পর দারুণ প্রত্যাবর্তন ঘটিয়ে সেমিফাইনালসদৃশ দ্বিতীয় প্লে-অফে রিয়ান পরাগের নেতৃত্বাধীন রাজস্থানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে গুজরাট
সেই দিক থেকে বিচার করলে আজকের ম্যাচ যে হাইভোল্টেজ হতে চলেছে, তাতে কোনও সন্দেহ নেই। তবে গুজরাটের সবচেয়ে বড় চিন্তার কারণ বেঙ্গালুরুর শক্তিশালী ব্যাটিং লাইন-আপ। সেখানে রয়েছেন বিরাট কোহলি, টিম ডেভিড, ক্রুনাল পাণ্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার এবং রজত পাটিদারের মতো তারকারা। পাশাপাশি বোলিং বিভাগেও দলটি যথেষ্ট ভারসাম্যপূর্ণ। অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার, রোমারিও শেফার্ড এবং জশ হেজলউড নিজেদের দিনে কতটা ভয়ংকর হতে পারেন, তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন। স্পিন আক্রমণে রয়েছেন সুয়াশ শর্মা, যিনি উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখেন।
অন্যদিকে ঘরের মাঠে খেলায় গুজরাট পাবে দর্শকদের বাড়তি সমর্থন। দলে রয়েছেন অধিনায়ক শুভমন গিল, যিনি রাজস্থানের বিরুদ্ধে শতরান করে নিজের ফর্মের প্রমাণ দিয়েছেন। পাশাপাশি সাই সুদর্শনও যে কোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। মিডল অর্ডারে রয়েছেন জস বাটলার। অপর প্রান্তে যোগ্য সঙ্গী পেলে তিনি একাই প্রতিপক্ষের বোলিং আক্রমণকে তছনছ করে দিতে সক্ষম।
বোলিং বিভাগেও গুজরাট কোনও অংশে পিছিয়ে নেই। সেখানে রয়েছেন কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণের মতো গতিময় বোলার। স্পিন আক্রমণে রশিদ খানের সঙ্গী হবেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।
সব মিলিয়ে আজকের ফাইনালে কোনও দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। দুই শক্তিশালী দলের লড়াইয়ে ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন আরও এক রুদ্ধশ্বাস আইপিএল মহারণের।