বিলাসবহুল গাড়ি ছেড়ে মেট্রোয় জাভাগল শ্রীনাথ! প্রাক্তন ভারতীয় তারকার সাদামাটা জীবনযাপন মুগ্ধ করল নেটিজেনদের
দেবকিশোর চক্রবর্তী
ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বহু বছর আগে। দেশের হয়ে একের পর এক সাফল্যও রয়েছে তাঁর ঝুলিতে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন দাপটের সঙ্গে খেলার পর এখন অবশ্য অন্য ভূমিকায় দেখা যায় তাঁকে। জাতীয় দল থেকে শুরু করে আইপিএল—বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়মিত ম্যাচ রেফারির দায়িত্ব সামলান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাভাগল শ্রীনাথ। তবে এবার ক্রিকেটের মাঠের কোনও ঘটনা নয়, বরং তাঁর সাদামাটা জীবনযাপনই তাঁকে এনে দিয়েছে নতুন করে চর্চার কেন্দ্রে।
সম্প্রতি পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিংকডইনে শ্রীনাথের একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতেই দেখা গিয়েছে, বিলাসবহুল গাড়ি কিংবা কোনও বিশেষ যানবাহন নয়, সাধারণ যাত্রীদের সঙ্গেই বেঙ্গালুরু মেট্রোয় সফর করছেন ভারতের প্রাক্তন তারকা। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাঁর সরলতা এবং সাধারণ জীবনযাপনের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, মেট্রোর একটি কোচের এক কোণে দাঁড়িয়ে রয়েছেন শ্রীনাথ। এক হাতে তাঁর ট্রলি ব্যাগ। পরনে আকাশি নীল রঙের শার্ট এবং ডেনিম জিন্স। পায়ে বাদামি রঙের সেমি-ফর্মাল ব্রগ জুতো। আশপাশে রয়েছেন অন্যান্য সাধারণ যাত্রীরাও। ক্রিকেটের মাঠে যাঁকে একসময় প্রতিপক্ষ ব্যাটারদের কাছে ত্রাস হিসেবে দেখা যেত, সেই তারকাকেই এভাবে সাধারণ যাত্রীদের সঙ্গে মেট্রোয় সফর করতে দেখে অনেকেই যেন অবাক।
শ্রীনাথের এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে প্রশংসার ঝড়। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের শিখরে পৌঁছেও তাঁর জীবনযাপনে যে তারকার অহংকার নেই, সেটিই বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। অনেকের মতে, জনপ্রিয়তা এবং খ্যাতির শীর্ষে থেকেও সাধারণ মানুষের মতো জীবনযাপন করাই একজন সফল মানুষের আসল পরিচয়।
ভারতীয় ক্রিকেটে জাভাগল শ্রীনাথের অবদানও যথেষ্ট গুরুত্বপূর্ণ। নব্বইয়ের দশক থেকে শুরু করে ২০০০-এর দশকের গোড়া পর্যন্ত ভারতীয় পেস আক্রমণের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করার পাশাপাশি একাধিক স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন। অবসরের পর ক্রিকেটের সঙ্গেই যুক্ত থেকেছেন তিনি। বর্তমানে ম্যাচ রেফারি হিসেবে ক্রিকেটের প্রশাসনিক পরিসরে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আর সেই কারণেই তাঁর মতো একজন প্রাক্তন তারকা যখন সাধারণ যাত্রীদের সঙ্গে মেট্রোয় যাতায়াত করেন, তা অনেকের কাছেই হয়ে ওঠে অনুপ্রেরণার বিষয়। বিশেষ করে বেঙ্গালুরুর মতো ব্যস্ত শহরে যানজট এড়িয়ে দ্রুত যাতায়াতের জন্য মেট্রো ব্যবহার করাকে অনেকেই বাস্তববাদী সিদ্ধান্ত হিসেবেও দেখছেন।ছবিটি ভাইরাল হওয়ার পর শ্রীনাথের ক্রিকেটজীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিত্ব নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। মাঠে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করা সেই পেসার যে ব্যক্তিগত জীবনে এতটাই সহজ-সরল, তা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ছবি।
খ্যাতি, সাফল্য এবং পরিচিতির ভিড়েও নিজেকে সাধারণ মানুষের থেকে আলাদা না রাখার এই মানসিকতাই মন জয় করেছে ক্রিকেটপ্রেমীদের। তাই শ্রীনাথের মেট্রো সফরের ছবি এখন শুধুই একটি ভাইরাল ছবি নয়—বরং তারকা হয়েও মাটির কাছাকাছি থাকার এক সুন্দর উদাহরণ।