মুম্বাই
জমকালো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ আসর শুরুর আগেই নজিরবিহীন কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। ক্রিকেটার ও কর্মকর্তাদের ‘হানিপ ট্র্যাপ’ বা যৌন কেলেঙ্কারির মতো ফাঁদ থেকে রক্ষা করতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছে বোর্ড। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া গত বৃহস্পতিবার ১০টি ফ্র্যাঞ্চাইজিকেই এই সতর্কবার্তা পাঠিয়েছেন। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নিয়ম ভাঙলে খেলোয়াড়দের বড় ধরনের জরিমানা, এমনকি আজীবন বহিষ্কারের মুখেও পড়তে হতে পারে।
বিসিসিআই সচিবের পাঠানো সাত পৃষ্ঠার ওই নির্দেশিকায় বলা হয়েছে, হাই-প্রোফাইল ক্রীড়াঙ্গনে পরিকল্পিতভাবে কাউকে ফাঁসানো বা ‘হানিপ ট্র্যাপিং’-এর ঝুঁকি এখন অনেক বেশি। এর ফলে যৌন হয়রানির মতো গুরুতর আইনি অভিযোগ ওঠার সম্ভাবনা থাকে, যা টুর্নামেন্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এই ঝুঁকি এড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিজ উদ্যোগে সদা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশিকার সবচেয়ে আলোচিত অংশ হলো ক্রিকেটারদের ব্যক্তিগত গোপনীয়তায় কড়াকড়ি। বিসিসিআই এবং আইপিএল অপারেশনস টিমের সদস্যদের নিয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই দল যেকোনো সময় হোটেলের খেলোয়াড়দের রুমে আকস্মিক তল্লাশি (সারপ্রাইজ চেক) চালাবে। টিম ম্যানেজারের আগাম অনুমতি ছাড়া বাইরের কোনো ব্যক্তি- তিনি যত ঘনিষ্ঠই হোন না কেন, খেলোয়াড় বা কর্মকর্তাদের রুমে প্রবেশ করতে পারবেন না।
শুধু হোটেলেই নয়, হোটেলের বাইরে যাতায়াতেও লাগানো হয়েছে লাগাম। ব্যক্তিগত কাজ কিংবা বিনোদনের প্রয়োজনে বাইরে যেতে হলেও এখন থেকে সিকিউরিটি লিয়াজোঁ অফিসার (এসএলও) অথবা টিম ইন্টিগ্রিটি অফিসারের কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। পাশাপাশি টিম ম্যানেজারকেও এই গতিবিধি সম্পর্কে অবহিত করতে হবে।
মাঠের শৃঙ্খলা বজায় রাখতে খেলা চলাকালীন ফ্র্যাঞ্চাইজি মালিকদের ওপরও বিধিনিষেধ আরোপ করেছে বোর্ড। ম্যাচ চলাকালীন ডাগআউটে থাকা খেলোয়াড় বা কর্মকর্তাদের সঙ্গে মালিকরা কোনো ধরনের আলাপ-আলোচনা বা যোগাযোগ করতে পারবেন না।
সচিব দেবজিৎ শইকিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই নির্দেশিকা লঙ্ঘন করাকে ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গ’ হিসেবে বিবেচনা করা হবে। আইন অমান্যকারীকে কারণ দর্শানোর নোটিশ থেকে শুরু করে বড় অঙ্কের আর্থিক জরিমানা এবং সাময়িক বা স্থায়ী বহিষ্কারের মতো দণ্ড ভোগ করতে হতে পারে। আইপিএলের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে কোনো ধরনের আপস করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে বিসিসিআই।