ফিফা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেলেন ডিব্রুগড়ের মেয়ে পিজা ভরালি,ফ্যান অপারেশন ও গেস্ট এক্সপেরিয়েন্স টিমে নির্বাচিত হয়েছেন
শান্তিপ্রিয় রায়চৌধুরী:
অসমের ডিব্রুগড়ের পিজা ভরালি। অসমের জাতীয় স্তরের একজন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এবং ক্রীড়া ব্যবস্থাপক। তিনি অলিম্পিয়ান সাইনা নেহওয়ালের সঙ্গে জুটি বেঁধে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ডাবল বিভাগের শিরোপা জয় করে দেশজুড়ে সুনাম অর্জন করেন। তিনি প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টনে ১৫ বছরের বেশি সময় ধরে যুক্ত ছিলেন এবং ভারতের ন্যাশনাল ডাবল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক বা শিরোপা অর্জন করেছিলেন।
ভারতের হয়ে বিভিন্ন পর্যায়ে খেলার পর তিনি উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ডি পল ইউনিভার্সিটিতে যান এবং সেখান থেকে স্পোর্টস ম্যানেজমেন্ট মাস্টার ডিগ্রী সম্পন্ন করেন।
খেলাধুলার পাশাপাশি তিনি স্পোর্টস মার্কেটিং এবং ইভেন্ট ম্যানেজমেন্টে সুনাম অর্জন করেন। তিনি ফর্মুলা ওয়ান(মিয়ামি গ্রান্ড প্রিক্স)এবং নাসকার (নাসার চিকাগো) ইভেন্টে সাফল্যের সাথে কাজ করেছেন।
এবারের আমেরিকা ফুটবল বিশ্বকাপে অসমের ডিব্রুগড়ের এই মেয়েটি খেলাধুলায় অসামান্য অবদান ও ক্রীড়া ব্যবস্থাপনায় দক্ষতার কারণে ফিফা বিশ্বকাপের ফ্যান অপারেশন ও গেস্ট এক্সপেরিয়েন্স টিমে নির্বাচিত হয়েছেন, যা অসম তথা ভারতের জন্য খুবই গর্বের বিষয়। আন্তর্জাতিক স্তরে তার এই সাফল্য অসম তথা ভারতের মুখ উজ্জ্বল করেছে।
পিজা ভরালি
অসমের ডিব্রুগড়ের দীপক কুমার ভরালির কন্যা পিজা বর্তমানে আমেরিকায় শিকাগো শহরে বসবাস করছেন। শৈশব থেকেই তার খেলাধুলার প্রতি গভীর অনুরাগ ছিল। পিজা ডিব্রুগড় থেকেই পড়াশোনা, খেলাধুলা করেছেন।
তিনি আমেরিকা শিকাগো ডিপ অল ইউনিভার্সিটিতে স্পোর্টস ম্যানেজমেন্ট বিষয় নিয়ে পড়াশোনার করার সময়ই বিশ্ববিদ্যালয়ে একটি ব্যাডমিন্টন ক্লাব প্রতিষ্ঠা করেন। বিভিন্ন পটভূমির ছাত্র-ছাত্রীদের খেলাধুলার মাধ্যমে একত্রিত করার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
মিয়ামি গ্র্যান্ড প্রিক্স এর ফ্যান এন্ড ক্যাম্পাস অপারেশন বিভাগে কাজ করার পাশাপাশি আমেরিকার বিভিন্ন হারলে ডেভিডসন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।এবারের ফিফা বিশ্বকাপে পিজা ভরালিকে ফ্যান অপারেশন এন্ড গেস্ট এক্সপেরিয়েন্স টিমে অন্তর্ভুক্ত করার খবর সকলকে উৎসাহিত করেছে।
বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হওয়ার এই ব্যাপারটাকে পিজা জীবনের একটি স্বপ্নপূরণ বলে অভিহিত করেছেন। ডিব্রুগড় থেকে শুরু হওয়া এই যাত্রা আজ বিশ্ব মঞ্চে এক নতুন অধ্যায় রচনা করেছে। জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন থেকে ফিফা বিশ্বকাপের আয়োজক দলের সদস্যা পিজা ভরালির এই সাফল্য নিঃসন্দেহে অসমের যুবসমাজের জন্য এক অনুপ্রেরণার উৎস।
পিজার এই সাফল্য ডিব্রুগড়ের বিভিন্ন দল সংগঠনের পাশাপাশি ডিব্রুগড় জেলা ক্রীড়া সংস্থা এবং পিজার প্রাক্তন প্রশিক্ষক নারুল আক্তার হোসেন তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।