আগরতলায় 'ঐক্যতান যুব সংস্থা'-র উদ্যোগে ধর্মীয় সম্প্রীতির ইফতার
Story by Nurul Haque | Posted by Aparna Das • 5 h ago
আগরতলায় 'ঐক্যতান যুব সংস্থা'-র উদ্যোগে ধর্মীয় সম্প্রীতির ইফতার
নূরুল হক / আগরতলা
ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য এবং পরম্পরা বজায় রেখে ত্রিপুরার রাজধানী আগরতলায় কেন্দ্রীয় টাউন মসজিদে ইফতার তুলে দিলেও শত বর্ষের পুরনো ঐক্যতান যুব সংস্থা। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার বাড়ির ক্লাব হিসেবে পরিচিত ঐক্যতান যুব সংস্থার কর্মকর্তারা বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় টাউন জামে মসজিদে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।
তারা এলাকার মুসলিম রোজাদারদের জন্য ক্লাবের তরফে ইফতারের আয়োজন করেছিলেন। ইফতারে হিন্দু-মুসলিম একসাথে আযানের সাথে ইফতার গ্রহণ করেন। টাউন জামে মসজিদের ভেতরেই সম্প্রীতির এই ইফতার অনুষ্ঠিত হয়।
শান্তিপারা ঐক্যতান যুব সংস্থা ক্লাবের সভাপতি নাগাধিরাজ দত্ত বলেন এই ক্লাব পরম্পরাগতভাবে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান একসঙ্গে পালন করে থাকে। তিনি বলেন পবিত্র রমজান মাসে মুসলিমরা যেভাবে রোজা রেখে আল্লাহর কাছে নিজেদের সমর্পিত রাখেন তা একটি শিক্ষনীয় বিষয়। আমরাও এই শিক্ষার অংশীদার।
তিনি বলেন আমার ৬৫ বছর বয়সে প্রতিবারই মুসলিমরা আমাদেরকে ইফতারে আমন্ত্রণ করেন এবং আমরাও তাদের ইফতারি দেই। শুধু রমজান মাস এবং মুসলিমদের অনুষ্ঠানে নয় হিন্দুদের দুর্গাপূজা এবং অন্যান্য অনুষ্ঠানেও এলাকার মুসলিমরা এবং মসজিদ কমিটি সমভাবে অংশগ্রহণ করেন।
ত্রিপুরার রাজধানী আগরতলায় কেন্দ্রীয় টাউন জামে মসজিদ
নাগা ধীরাজ দত্ত বলেন ঐক্যতান যুব সংস্থা এবং এই মসজিদ কমিটি একে অপরের সুখে-দুখে একে অপরের হয়ে বেঁচে আছে। বর্তমান প্রজন্মের পর আগামী প্রজন্ম এই সম্প্রীতি এবং পরম্পরার ধারাবাহিকতা রক্ষা করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
পরে ক্লাব কর্মকর্তারা রোজাদারদের হাতে ইফতার তুলে দেন এবং একসঙ্গে ইফতারের অংশ নেন। মসজিদ কমিটির লোকজন এই আন্তরিকতার ভুয়সি প্রশংসা করেন। অন্যদিকে এদিন ই সম্প্রীতির বার্তা দিয়ে ইফতার এবং দোয়ার মাহফিল অনুষ্ঠিত হলো দক্ষিণ কাশিপুর ইচামোয়া মসজিদে। সেই ইফতার পার্টিতেও মুসলিমের রোজাদারদের সঙ্গে হিন্দি অংশের লোকজন সামিল হন।
কেন্দ্রীয় টাউন জামে মসজিদে ইফতার পার্টির দৃশ্য
এই ইফতারে উপস্থিত ছিলেন ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসিম উদ্দিন, কর্পোরেটর উত্তম ঘোষ, মুফতি মোহাম্মদ শাহাবুদ্দিন, মসজিদ কমিটির সভাপতি আব্দুল হক, সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী এবং কোষাধ্যক্ষ অহিদ মিয়া সহ অন্যান্যরা।