নূরুল হক,আগরতলাঃ
বিধানসভার উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হলেও এখনো ফলাফল ঘোষণা হয়নি। সাধারণের প্রতিক্রিয়ায় শাসক দল বিজেপির জয় প্রায় নিশ্চিত, কিন্তু ফলাফল প্রকাশিত না হওয়ায় এখনো বিধায়ক হননি ধর্মনগরের বিশিষ্ট সমাজ সেবক তথা উপনির্বাচনের বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। ভোটে জিতে বিধায়ক না হলেও সামাজিক এবং ধর্মীয় সৌজন্যতার ক্ষেত্রে তিনি অবিচল রয়েছেন। রবিবার ধর্মনগরে হজযাত্রীদের সঙ্গে বিশেষ সৌজন্য সাক্ষাৎ এবং কুশল বিনিময়, সম্বর্ধনার পর এই অভিমত এলাকার নাগরিক মহলের।
এদিন ধর্মনগর থেকে কয়েকজন হজ যাত্রী পবিত্র মক্কায় হজের উদ্দেশ্যে রওনা হন। তারা রেল কোথায় আগরতলায় আসেন। ধর্মনগর রেল স্টেশনে গিয়ে এদিন সেই হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন জহর চক্রবর্তী। তিনি হজ যাত্রীদের শুভেচ্ছা জানান এবং পবিত্র মক্কায় গিয়ে আল্লাহর কাছে তাঁর আগামীর পথ চলা নিয়ে মোনাজাত তুলতে বলেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিজেপি প্রার্থীর এই ধরনের সৌজন্যতায় মুসলিম অংশের মধ্যে ইতিবাচক প্রভাব রয়েছে।
অন্যদিকে প্রতি বছরের ন্যায় এ বছরও ত্রিপুরা সরকারিভাবে হজ পালনের উদ্দেশ্যে রওনা ত্রিপুরার হাজিরা। এবছর ত্রিপুরা থেকে সরকারিভাবে ৭৫ জন হজ যাত্রী সোমবার মক্কার উদ্দেশ্যে রওনা হন। রবিবার সন্ধ্যায় আগরতলা মেলার মাঠ হজভবনে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের হজ যাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।সেই অনুষ্ঠানে ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসিম উদ্দিন, ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মুবশ্বর আলী, ত্রিপুরা সংখ্যালঘু কল্যাণ দপ্তরের বিশেষ সচিব তথা অধিকর্তা নির্মল অধিকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম।
হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন জহর চক্রবর্তী
ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম এই মহতী অনুষ্ঠানকে সার্বিকভাবে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে হজযাত্রী সহ হজ কমিটি এবং হজভবনের সমস্ত কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। হজ যাত্রীরা বিমান পথে প্রথমে কলকাতা এবং তারপর সেখান থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে। এ বছর ত্রিপুরা থেকে সরকারিভাবে(একজন সরকারি প্রতিনিধি সহ) ৭৫ জন হজ যাত্রীর মধ্যে ৫৫ জন পুরুষ সহ ১৯ জন মহিলা রয়েছেন।