আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারত ডিগনিটি অ্যাওয়ার্ড পেলেন বরাক উপত্যকার তিন কৃতি সন্তান

Story by  Satananda Bhattacharjee | Posted by  Sudip sharma chowdhury • 6 Months ago
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারত ডিগনিটি অ্যাওয়ার্ড পেলেন বরাক উপত্যকার তিন কৃতি সন্তান
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারত ডিগনিটি অ্যাওয়ার্ড পেলেন বরাক উপত্যকার তিন কৃতি সন্তান
 
শতানন্দ ভট্টাচার্য
 
শিলচরের কাছাড় কলেজের বাংলা বিভাগের সহযোগিতায় কলকাতা-ভিত্তিক মিডিয়া হাউস "নিউজ ম্যানিয়া" আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারি অসমের বরাক উপত্যকার তিনজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সাহিত্য, পরিবেশ এবং সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ভারত ডিগনিটি অ্যাওয়ার্ড প্রদান করে। পুরষ্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন হাইলাকান্দির বিশিষ্ট কবি আশুতোষ দাস, অসম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী এবং বিশিষ্ট সমাজকর্মী প্রদীপ দত্ত রায়।

পুরস্কার গ্রহণ করে তিনজনই বক্তব্য পেশ করে তাদের অনুভূতি প্রকাশ করেন।  কবি আশুতোষ দাস বলেন এই ধরনের অনুষ্ঠান আঞ্চলিক কবিদের সাহিত্যসাধনায় উদ্ধুদ্ধ করবে। ড. পার্থঙ্কর চৌধুরী বলেন প্রতিটি জাতির নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতির মতোই পরিবেশেরও সংরক্ষণের প্রয়োজন রয়েছে। সমাজকর্মী প্রদীপ দত্ত রায়ের পক্ষ থেকে তাঁর মেয়ে প্রথমা দত্ত রায় পুরস্কার গ্রহণ করেন। তিনি বলেন “সমাজ কর্মী হিসেবে তার পিতা প্রগতীবাদী এবং সামাজিক আন্দোলনের জন্য জীবনের দীর্ঘ সময় উৎসর্গ করেছেন তিনি। বরাক উপত্যকার ভাষা আন্দোলনের জন্য কারাবরণ করেছেন তিনি। সততা, ত্যাগ, আত্মোৎসর্গ  ও কর্ম নিষ্ঠার প্রতি তাঁর অগাধ আস্থা।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন শিলচরের সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী, ডাঃ সিদ্ধার্থ ভট্টাচার্য, ড. অনূপ কুমার দে, জয়দীপ বিশ্বাস প্রমুখ। 

আয়োজকদের তরফ থেকে জানানো হয় যে এই পুরস্কার নির্বাচন প্যানেলের নেতৃত্বে ছিলেন  জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ, যিনি বৃহত্তর ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জনের যোগ্য ব্যাক্তিদের চিহ্নিত করেন। পুরস্কার নির্বাচন কমিটির চেয়ারম্যান এবং নিউজ ম্যানিয়ার প্রধান সম্পাদক বর্ণালি বিশ্বাসও পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে কলকাতার পার্ক হোটেলে পুরস্কার প্রদানের মুল অনুষ্ঠান সম্পন্ন হলেও, শিলচর কাছাড় কলেজে অনুষ্ঠানটি ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পালিত হল। এই অনুষ্ঠানটি মূল অনুষ্ঠানের পরবর্তী কর্মসূচি হিসেবে আয়োজিত হয়েছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দিনটি বিশেষ তাৎপর্যবাহী হয়ে উঠেছে। কাছাড় কলেজের বাংলা বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানটি মাতৃভাষার গৌরব এবং  সাংস্কৃতিক সংরক্ষণের চেতনাকে সম্প্রসারিত করে। বাংলা বিভাগের প্রধান ড. সুদীপ কুমার দাস তাঁর বক্তব্যে জাতীয় সংস্কৃতি রক্ষায় মাতৃভাষার গুরুত্ব ও ভাষা শহীদদের প্রতি আমাদের অপরিশোধ্য ঋণের কথা উল্লেখ করেছেন।


শেহতীয়া খবৰ