জুবিন গার্গের স্মরণে মানবিক উদ্যোগ, ৯৫ বার রক্তদানের জন্য সম্মানিত মৃন্ময় কান্তি দাস
গুয়াহাটি ঃ
প্রয়াত শিল্পী জুবিন গার্গের স্মৃতিকে সামনে রেখে মানবিক উদ্যোগে সামিল হল ‘হেল্পিং হ্যান্ড’ ও ‘ওয়ারিয়র্স’ নলবাড়ি জেলা কমিটি। জুবিনের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি রক্তদাতা, চক্ষুদাতা ও অঙ্গদাতাদের সম্মান জানানো হয়।
শহিদ মুকুন্দ কাকতি অসামরিক হাসপাতালের প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে অসমের তিনসুকিয়া জেলার সমাজসেবী মৃন্ময় কান্তি দাসকে সমাজসেবায় তাঁর অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে রক্তদান করে আসা মৃন্ময় দাস ইতিমধ্যে ৯৫ বার হোল ব্লাড ডোনেশন করেছেন। তাঁর এই ধারাবাহিক মানবসেবার স্বীকৃতি হিসেবে তাঁকে ‘দীনবন্ধু’ মানবদরদি জীবনপ্রেরণা সম্মানে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে আয়োজক সংস্থার সভাপতি তথা জেএনকেডি নিউজের পরিচালন সঞ্চালক যতীন্দ্রনাথ কৃষ্ণ দাস বলেন, রক্তদান চারজন মানুষের জীবন বাঁচানোর সুযোগ তৈরি করতে পারে, চক্ষুদান ছয়জনকে দৃষ্টির আলো ফিরিয়ে দিতে পারে এবং অঙ্গদান কোনও অচেনা মানুষের জীবন বাঁচানোর সহায় হয়ে উঠতে পারে। তাঁর কথায়, মানবসেবাই সবচেয়ে বড় সেবা।
সম্মাননা গ্রহণ করে মৃন্ময় কান্তি দাস সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সম্মান তাঁকে সমাজের প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। মানুষের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশা তাঁকে ভবিষ্যতেও মানবসেবার কাজে আরও উৎসাহিত করবে।
জুবিন গার্গের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠান তাই শুধু স্মৃতিচারণে সীমাবদ্ধ থাকেনি। রক্তদান, চক্ষুদান ও অঙ্গদানের মতো মানবিক উদ্যোগের মাধ্যমে একজন শিল্পীর স্মৃতিকে সমাজসেবার সঙ্গে যুক্ত করার বার্তাও দিয়েছে। মৃন্ময় দাসের ৯৫ বার রক্তদান সেই মানবিকতারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।