‘সবুজ বিনয়’: একার উদ্যোগে কোচবিহারে সাড়ে ১৩ হাজার গাছের স্বপ্নবন

Story by  Sampee Chakroborty Purkayastha | Posted by  Aparna Das • 5 d ago
বিনয় দাস
বিনয় দাস
 
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ 

সভ্যতার নামে যখন একদিকে নির্বিচারে গাছ কাটা হচ্ছে, ঠিক সেই সময় সম্পূর্ণ উল্টো পথে হেঁটে প্রকৃতিকে নতুন করে সাজিয়ে তুলছেন কোচবিহারের হাজরাপাড়া এলাকার বাসিন্দা বিনয় দাস। পেশায় রাজবাড়ির আধিকারিক এই মানুষটি গত ১৩ বছরেরও বেশি সময় ধরে একা হাতে কোচবিহার শহর ও তার আশপাশের এলাকায় সাড়ে ১৩ হাজারের বেশি গাছ লাগিয়েছেন।
 
শুধু গাছ লাগানোই নয়, নিজের হাতে লাগানো প্রতিটি গাছের পরিচর্যার দায়িত্বও নিয়েছেন তিনি। এই কারণেই কোচবিহারে তিনি পরিচিত ‘সবুজ বিনয়’ নামে।
৩৫ বছর বয়স থেকেই গাছ লাগানোর নেশায় মেতে ওঠেন বিনয় দাস। ছোটবেলা থেকেই পরিবেশ নিয়ে চিন্তা তাঁর ধ্যান-জ্ঞানে। কাজের ব্যস্ততার মাঝেও প্রকৃতির জন্য সময় বের করে নেওয়াই তাঁর অভ্যাস। নিজের গাঁটের টাকা খরচ করেই নার্সারি থেকে চারাগাছ কিনে আনেন। প্রতিদিন ভোরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন শহর ও সংলগ্ন এলাকার বিভিন্ন ফাঁকা জায়গা, বড় রাস্তার ধার, নদীর পাড় ও জঙ্গলে। সকাল ৮টা পর্যন্ত যেখানে প্রয়োজন মনে হয়, সেখানেই গাছ লাগান।
 
বিনয়বাবু শুধু নিজের লাগানো গাছের পরিচর্যাই করেন না, অন্যদের লাগানো গাছগুলির দায়িত্বও স্বেচ্ছায় কাঁধে তুলে নেন। গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় একাধিক যন্ত্র তিনি নিজের টাকায় কিনেছেন।
যদিও মূল কাজটা তিনি একাই করেন, তবুও স্থানীয় কয়েকজন মানুষ তাঁকে মাঝে মাঝে সাহায্য করেন। তাঁর এই নিরলস প্রচেষ্টার ফলেই ইতিমধ্যে কোচবিহারে তিনটি ছোট ছোট বনাঞ্চল গড়ে উঠেছে।
 
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে নিজের নাম শুনে স্বাভাবিকভাবেই আপ্লুত বিনয় দাস। ২৫ জানুয়ারি ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর কাজের কথা তুলে ধরেন দেশবাসীর সামনে। এ প্রসঙ্গে বিনয়বাবু বলেন, “খুবই ভালো লেগেছে প্রধানমন্ত্রী আমার কথা বলেছেন। এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। এই স্বীকৃতি আমাকে আরও উৎসাহ দিয়েছে। আগামী দিনে আরও বড় আকারে কাজ করতে চাই। আমার লক্ষ্য কোচবিহারের ৩২টি নদীর চরে খণ্ডবন গড়ে তোলা।”
 

একজন মানুষের একার উদ্যোগে, নিঃস্বার্থ ভালোবাসায় প্রকৃতির জন্য এই লড়াই আজ অনুপ্রেরণা হয়ে উঠেছে অনেকের কাছে। বিনয় দাসের একমাত্র ‘নেশা’, গাছ লাগানো, আর সেই নেশাই আজ কোচবিহারকে করে তুলছে আরও সবুজ, আরও প্রাণবন্ত।