বিধানসভা ভোটে পশ্চিম মেদিনীপুরের 'ইলেকশন আইকন' হলেন ইংলিশ চ্যানেল জয়ী আফরিন জাবি
শান্তিপ্রিয় রায়চৌধুরী:
পশ্চিম মেদিনীপুরের দেওয়ান নগর এলাকার বাসিন্দা ২১ বছর বয়সী সাঁতারু আফরিন জাবি, যিনি ২০২৫ সালের ২৯ জুলাই মাত্র ১৩ ঘণ্টা ৪৫ মিনিটে ইংলিশ চ্যানেল জয় করে ইতিহাস গড়েছিলেন এবং অবিভক্ত মেদিনীপুর থেকে যিনি প্রথম এই কীর্তি স্থাপন করেছিলেন, সেই আরফিন জাবিকে চলতি এপ্রিল মাসে পশ্চিম মেদিনীপুর জেলার 'ইলেকশন আইকন' বা নির্বাচনী আইকন হিসেবে ঘোষণা করা হয়েছে।
জেলার যুব প্রজন্মকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে তাঁকে জেলা প্রশাসন 'ইলেকশন আইকন' হিসেবে বেছে নিয়েছে।
গত রবিবার মেদিনীপুরের কালেক্টরেটের সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে জেলার 'ইলেকশন আইকন' হিসাবে ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে ছিলেন জেলাশাসক তথা জেলার নির্বাচন আধিকারিক বিজিন কৃষ্ণা।
আফরিন জাবি ইংলিশ চ্যানেল পার করে অসামান্য কৃতিত্ব তিনি অর্জন করেছিলেন। তার সেই অসামান্য সাফল্য মেদিনীপুর তথা বাংলার ক্রীড়াজগতে এক নতুন ইতিহাস তৈরি করেছিল। সেই অসামান্য সাফল্যের পর রবিবার তার মুকুটে আরো একটি সম্মান যুক্ত হল। এই সম্মান পেয়ে
আপ্লুত আফরিনও।
মেদিনীপুর সুইমিং ক্লাবের ছাত্রী আফরিন জাবির এখন লক্ষ্য সাত সমুদ্র অতিক্রম করার।